সরকার ১৮০ কোটি ৭৯ লাখ ৯ হাজার ২৪৮ টাকা ব্যয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজম পার্কের ভূমি উন্নয়ন কাজ করবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সভায় ভার্চুয়াল সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক ‘সাবরাং ট্যুরিজম পার্ক’ এর ‘ল্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক ইন সাবরাং পার্ক’ প্যাকেজ নম্বর ডব্লিউ-৯ এর পূর্ত কাজ যৌথভাবে পেয়েছে টিডিসি এবং জেডএইচইসি ঢাকা। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৭৯ লাখ ৯ হাজার ২৪৮ টাকা।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদফতর কর্তৃক ‘কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, মানিকগঞ্জ (১ম সংশোধিত)’ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য ১৭৪ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৭৮৯ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।









