২০১৯ সালে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এরপর এলো করোনা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আরেক দফা গ্যাসের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
সোমবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে নতুন করে ১১৬ শতাংশ গ্যাসের দাম বাড়ানো হলে— সিরামিক খাতের উৎপাদন খরচ বাড়বে ১৮-২০ শতাংশ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিরামিক খাত। কারণ, প্রতিযেগিতার বাজারে বিদেশিদের সঙ্গে টিকে থাকা যাবে না। তাই দেশীয় সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানান বিসিএমইএ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা।
তিনি বলেন, ‘নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি মানেই এই শিল্পের ওপর কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই দেশে এখন কোনও ভিক্ষুক নেই, আমাদের কি ভিক্ষুক বানাতে চায়?’ বিসিএমইএ’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়— দেশে ফকির-মিসকিন নেই। এখন আমাদের কি ফকির মিসকিন বানাবেন?’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিসিএমইএ’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মইনুল ইসলাস, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন, পরিচালক রাশেদুল ইসলাম ও আব্দুল হাকিম।
লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএমইএ’র সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এতে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে। এ পরিস্থিতিতে দেশে গ্যাসের দাম বাড়ানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘সিরামিক খাতটি অত্যন্ত সম্ভাবনাময় আমদানি বিকল্প একটি শিল্প খাত। অনেক প্রতিকূলতা পেরিয়ে উদ্যোক্তাদের অক্লান্ত প্রচেষ্টায় রফতানি এবং আমদানি-বিকল্পপণ্য হিসেবে দেশে ইতোমধ্যেই ৭০টি সিরামিক (টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যার) শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এ শিল্পে দেশি-বিদেশি মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকা।’
তিনি বলেন, ‘দেশের ৬টি গ্যাস বিতরণ কোম্পানি গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন করেছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিইআরসি আগামী ২১ থেকে ২৪ মার্চ গণগুনানির দিন ধার্য করেছে। এই উদ্যোগ সফল হলে দেশীয় সিরামিক শিল্প সংকটের মধ্যে পড়বে। এটি সরকারের শিল্পবান্ধবনীতিকে প্রশ্নবিদ্ধ করবে।’
বিসিএমইএ'র সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আদৌ যুক্তিসঙ্গত বলে মনে করি না।’









