হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত তিন দিনব্যাপী ‘প্রথম বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’ শুরু হয়েছে আজ ।
জুয়েলারি এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠান মূল্য ছাড়সহ আকর্ষণীয় অফারের ছড়াছড়িতে প্রথম দিনেই ক্রেতা-দর্শনার্থীদের ঢল নেমেছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হওয়া এই মেলা চলবে ১৯ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২ উদ্বোধন করেন জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। আয়োজকরা জানিয়েছেন, প্রতি দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় সব ক্রেতা ও দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্রতে নগদ ১০ লাখ টাকার প্রথম পুরস্কার, ৫ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার হিসেবে পরবর্তী ১০ জনের জন্য রয়েছে এক লাখ টাকা করে ১০টি পুরস্কার রয়েছে। মেলায় সাংবাদিকদের জন্য থাকবে আলাদা র্যাফেল ড্র। তিন দিনের এই এক্সপোতে দুই লাখেরও বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে মনে করেন উদ্যোক্তারা। এক্সপোতে মোট ৬৫টি স্টল রয়েছে। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নিচ্ছেন। এর মাধ্যমে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
জুয়েলারি এক্সপোর উদ্বোধনকালে ইমদাদুল হক মিলন বলেন, ‘আজকে ঐতিহাসিক দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন। সুতরাং, জুয়েলারি এক্সপোর জন্য আজকের মতো শুভ দিন আর হয় না। এই মহান দিনে জুয়েলারি শিল্পের নতুন একটি যাত্রা শুরু হয়েছে। আমি মনে করি, গার্মেন্টসের মতোই দেশের স্বর্ণ শিল্পও বিশ্ব বাজারে জায়গা দখল করে নেওয়ার লক্ষ্যেই কাজ করছে বাজুস।’
তিনি আরও বলেন, ‘যেকোনও ভালো কিছুকে সোনার সঙ্গে তুলনা করা হয়। সোনা এতই মূল্যবান। বাংলাদেশ গার্মেন্টেসের পরই দ্বিতীয় বৃহৎ রফতানি শিল্প হিসেবে সোনা হবে বলে বিশ্বাস করি। সায়েম সোবহান আনভীর এই স্বর্ণ শিল্পের যাত্রাকে সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়। তিনি বলেন, ‘সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্পে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। আগামীতে এই শিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। গার্মেন্টেসের পর এ শিল্প সবচেয়ে বেশি রফতানি আয় করবে। সরকারকে রাজস্ব দেবে। বিদেশিরা স্বর্ণের জন্য বাংলাদেশে আসবে।’
বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘দেশের স্বর্ণ ব্যবসাকে শিল্পে রূপান্তরিত করে রফতানির স্বপ্ন দেখাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।’









