বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ বছর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ২৩৫ দশমিক ১৭ কোটি টাকার রফতানি আদেশ পাওয়া গেছে। মেলায় মালামাল বিক্রয় হয়েছে প্রায় ১২১ দশমিক ৪৭ কোটি টাকা। গত বছরের চেয়ে এ বছর ৭১ দশমিক ০২ কোটি টাকা বেশি বিক্রয় হয়েছে। শুধু শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নয়, ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসেছে এ মেলায়। এ মেলা এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আজ রবিবার শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মাফরুহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যমেলা শুধু পণ্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আগত বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে দেশিয় পণ্যের গুণগত মানের তুলনা, পণ্য বহুমুখীকরণ, আধুনিক মোড়কীকরণ ব্যবস্থা, পণ্য উপস্থাপন, বিপনন শৈলী এবং প্রতিযোগী মূল্য সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পেয়েছে সংশ্লিষ্ট সকলে। এ বছর দেশি-বিদেশি অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং নতুন পণ্যের সমাবেশ ঘটেছে। আগামীতে এ মেলা আরও আকর্ষণীয় হবে।
তোফায়েল আহমেদ বলেন, এফবিসিসিআই-এর সভাপতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো’র পাশাপাশি এফবিসিসিআই-এর সহযোগিতা এবং একইসঙ্গে দেশের সব বিভাগীয় শহরে বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তাব দিয়েছেন, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় আন্তরিকতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ব্যবসাবান্ধব। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকাই বড়। সরকার চাহিদা মোতাবেক ব্যবসায়ীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সারা বছরই স্বাভাবিক ছিল। দেশ এখন শক্ত অর্থনীতির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
অনুষ্ঠানের শেষ পর্বে মন্ত্রী মেলায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
/এসআই /এএইচ/








