ফুটবল খেলাকে উৎসাহিত করছে দেশের ব্যাংকিং খাত। ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ফুটবল খেলার জন্য খেলোয়াড়দের ‘ফুটবল বোনাস’ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। পাশাপাশি এই খেলাকে উপলক্ষ করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ বোনাস দেওয়ার নির্দেশনা দিয়েছে ব্যাংকের উদ্যোক্তাদের এই সংগঠন।
গত রবিবার (১১ জুন) ব্যাংকগুলোকে এ বিষয়ে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সই করা চিঠি পাঠানো হয়েছে।
বিএবির চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের ৩৩টি ব্যাংক ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’-এ অংশ গ্রহণ করে।
বিএবির চিঠির তথ্য অনুযায়ী, ফুটবল খেলায় অংশ নেওয়া খেলোয়াড় ও খেলার সঙ্গে যুক্ত সমন্বয়ক, টিম ব্যবস্থাপক ও কোচ পাবেন মূল বেতনের (বেসিক) সমান একটি বিশেষ বোনাস। আর অন্য সব কর্মকর্তা-কর্মচারী পাবেন মূল বেতনের অর্ধেক বোনাস।
বিএবির উদ্যোগে গত ১৩ মে থেকে ৯ জুন পর্যন্ত ব্যাংকারদের নিয়ে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ আয়োজন করা হয়। প্রথমবারের মতো আয়োজিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইউনিয়ন ব্যাংক। এই খেলা উপলক্ষে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে ‘ফুটবল বোনাস’ প্রদানের পরামর্শ দিয়েছে বিএবি।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ -এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ৯ জুন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার প্রদান করেছেন। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাংক কর্মকর্তাদের উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষ্যণীয়।
চিঠিতে আরও বলা হয়েছে, উৎসাহ-উদ্দীপনার ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে (কো-অর্ডিনেটর, টিম ম্যানেজার ও কোচ) একটি পূর্ণ বেসিকের সমপরিমাণ ‘বিশেষ একটি বোনাস’ এবং অন্য সব নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীকে একটি বেসিকের অর্ধেক পরিমাণ ‘বিশেষ অর্থ বোনাস’ প্রদানের কথা ঘোষণা করা হয়।









