জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের দুই কর্মকর্তার বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, কাস্টমস হাউস, পানগাঁওয়ের কমিশনার মো. আবদুল হাকিমকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, একই অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. বশীর আহমেদকে (কমিশনার–চলতি দায়িত্ব) কাস্টমস হাউস, পানগাঁওয়ের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়ন জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনটি কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ আবুল মনসুর সই করেন।
এ সংক্রান্ত অনুলিপি সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট সদস্যসহ কাস্টমস ও ভ্যাট প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পাঠানো হয়েছে।









