চলতি অর্থবছরের শুরুতেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধাক্কা লেগেছে। সদ্য সমাপ্ত জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি তাদের উন্নয়ন প্রকল্পে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, এ ১২ মন্ত্রণালয় ও বিভাগের আওতায় মোট ১৩০টি প্রকল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু মাসজুড়ে কোনও ব্যয় হয়নি। যেসব মন্ত্রণালয় ও বিভাগ ব্যয়ে পিছিয়ে রয়েছে সেগুলো হলো— পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি নিজেই, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সংসদবিষয়ক সচিবালয়।
সবচেয়ে বড় বরাদ্দ রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য। এ মন্ত্রণালয়ের ৫৯টি প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার ১৯০ কোটি টাকা। কিন্তু জুলাইয়ে ব্যয়ের অগ্রগতি ছিল শূন্য। একইভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৪টি প্রকল্পে বরাদ্দ ৪ হাজার ৮০৯ কোটি টাকা, ধর্ম মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা— তবু কোথাও ব্যয়ের হিসাব নেই।
আট বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন
আইএমইডি জানিয়েছে, জুলাই মাসে সামগ্রিকভাবে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ০.৬৯ শতাংশে। এটি গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি অর্থবছরের শুরুতে মোট খরচ হয়েছে মাত্র ১ হাজার ৬৪৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা কম।
চলতি অর্থবছরে সরকার ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হাতে নিয়েছে। এর আওতায় বাস্তবায়িত হচ্ছে ১ হাজার ১৯৮টি প্রকল্প।
একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, “জুলাইয়ে ১ শতাংশেরও কম এডিপি বাস্তবায়ন হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। গতবারের মতো এবারও কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।”









