‘শ্রমবাজারে নারীর আর্থিক ক্ষমতায়ন ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩

শ্রমবাজারে নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করা না গেলে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। তারা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে শ্রমবাজারের কাঠামোগত খণ্ডিতকরণ, অনানুষ্ঠানিকতার বিস্তার এবং নারীর বিনা পারিশ্রমিক গৃহস্থালি ও সেবামূলক কাজের চাপ বেড়ে যাওয়ায় নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ উদ্বেগজনকভাবে কমছে, যা জাতীয় অর্থনীতির জন্য একটি নীতিগত সতর্ক সংকেত।

বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ) ও ইডেন মহিলা কলেজের যৌথ উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ইডেন কলেজের অডিটরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশে নারীর আর্থিক ক্ষমতায়ন: শ্রমবাজার প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, গত এক দশকে নারীর শ্রমবাজার অংশগ্রহণে অগ্রগতি হলেও সাম্প্রতিক সময়ে সেই ধারা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শহরাঞ্চলে নারীর শ্রমবাজার অংশগ্রহণ হ্রাস পাওয়াকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশে নারীরা প্রধানত কৃষি ও অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত হলেও ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণমূলক পদে তাদের অংশগ্রহণ খুবই সীমিত। পাশাপাশি উচ্চ হারে নারী ‘না শিক্ষা, না কর্ম, না প্রশিক্ষণ’ (এনইইটি) অবস্থায় রয়েছেন। বিপুল পরিমাণ সময় নারীরা বিনা পারিশ্রমিকে গৃহস্থালি ও কেয়ার কাজে ব্যয় করলেও তা জাতীয় আয়ের হিসাবে প্রতিফলিত হয় না।

বিবিএসের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের তথ্য তুলে ধরে ড. বিদিশা বলেন, ২০২৩ সালের এপ্রিল-জুন প্রান্তিকে নারীর শ্রমশক্তি অংশগ্রহণের হার ছিল ৪৬ দশমিক ৫৯ শতাংশ, যা ২০২৪ সালের একই সময়ে কমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৪০ শতাংশে। একই সময়ে নারীর মোট শ্রমশক্তি ২ কোটি ৫৩ লাখ থেকে কমে ২ কোটি ৩৭ লাখে নেমে এসেছে। এ ধারা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মহামারিপরবর্তী পুনরুদ্ধারের লক্ষ্যকে বাধাগ্রস্ত করছে বলেও তিনি সতর্ক করেন।

তার মতে, শ্রমবাজারের পিতৃতান্ত্রিক কাঠামো, সামাজিক নিয়ন্ত্রণ, চাইল্ডকেয়ার সুবিধার অভাব, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং বিনা পারিশ্রমিকে গৃহস্থালি ও সেবাকাজের অতিরিক্ত চাপ নারীর শ্রমবাজার অংশগ্রহণের প্রধান অন্তরায়। গৃহস্থালি ও কেয়ার কাজকে অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ‘ডোমেস্টিক টু মার্কেট স্পেস’ রূপান্তরের জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবউল্লাহ বলেন, নারীর শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধি কেবল সামাজিক ন্যায়বিচারের বিষয় নয়, বরং এটি জাতীয় অর্থনীতির উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়নের একটি মৌলিক শর্ত। এর অভাব দারিদ্র্য, আয় বৈষম্য ও সামাজিক ঝুঁকি আরও গভীর করে তোলে বলে তিনি মন্তব্য করেন।

তিনি শ্রম আইন সংস্কার, নারীবান্ধব কর্মঘণ্টা, নিরাপদ পরিবহন ব্যবস্থা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কঠোর বিধিমালা প্রণয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও ডিজিটাল প্রশিক্ষণের আহ্বান জানান। একইসঙ্গে জেন্ডার-বিভক্ত তথ্য সংগ্রহের মাধ্যমে ডেটা-ভিত্তিক নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, নারীর আর্থিক ক্ষমতায়নের অন্যতম বড় বাধা হলো মূলধারার অর্থনীতিতে নারীর অবদানকে যথাযথভাবে অন্তর্ভুক্ত না করা। শ্রমবাজারে নারীর অংশগ্রহণ হ্রাস একটি কাঠামোগত সংকটের প্রতিফলন, যা সমন্বিত নীতি হস্তক্ষেপ দাবি করে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য সচিব ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাইক্রোক্রেডিট নারীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়ালেও কেবল ঋণপ্রাপ্তি যথেষ্ট নয়। দক্ষতা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং উৎপাদনশীল ও সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত না হলে নারীর ক্ষমতায়ন টেকসই হবে না।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল বলেন, সামাজিক অনুশাসনের পরিবর্তন, গণমাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক নীতিমালার মাধ্যমে নারীর শ্রমবাজার অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

জাতীয় পর্যায়ের এই সেমিনারে ইডেন মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, সেমিনারে উত্থাপিত গবেষণালব্ধ বিশ্লেষণ ও নীতিগত সুপারিশগুলো ভবিষ্যৎ নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
নতুন গবেষণা প্রতিষ্ঠান গড়েছেন গোলাম মোয়াজ্জেম, সিপিডি কি ছেড়ে দিচ্ছেন?
সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ
সিপিডির সম্মাননীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ