সেমিনারে বক্তারা

সংসদকে কার্যকর করতে একগুচ্ছ সংস্কারের তাগিদ

রবিউল হাসান
২৬ নভেম্বর ২০২৬, ২৩:৫৮ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০৩

ত্রয়োদশ জাতীয় সংসদকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বাড়ানো, সংসদ সদস্যদের আচরণবিধি প্রণয়ন এবং সংসদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাসহ একগুচ্ছ প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কারের তাগিদ দিয়েছেন নীতিনির্ধারক, সংসদ সদস্য, সংবিধান বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশান-২-এর একটি হোটেলে ‘জাতীয় সংসদকে কীভাবে আরও দক্ষ ও কার্যকর করা যায়?’ শীর্ষক এক সেমিনারে এসব সুপারিশ তুলে ধরেন তারা। ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটিকে ক্ষমতাবান করতে ৭৬ অনুচ্ছেদের ৩ উপধারা অনুযায়ী আইন প্রণয়ন, ৭৭ অনুচ্ছেদ অনুসারে ন্যায়পাল প্রতিষ্ঠা এবং ৭৯ অনুচ্ছেদ অনুযায়ী স্বতন্ত্র সংসদ সচিবালয় গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রানডসেন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান।

আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য মো. সাইফুল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার রাশনা ইমাম, সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং রাজনীতিক ড. তাসনিম জারা। আলোচনা সঞ্চালনা করেন কাউন্টারপয়েন্টের প্রধান সম্পাদক জাফর সোবহান।

আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ পরিচালনার জন্য নিজস্ব প্রশাসনিক কাঠামো থাকা প্রয়োজন। অন্য সরকারি প্রতিষ্ঠান থেকে প্রেষণে আসা আমলাদের ওপর সংসদের নির্ভরশীলতা থাকা উচিত নয়।

তিনি বলেন, ‘আমাদের সংবিধানেই নিজস্ব সংসদ সচিবালয় প্রতিষ্ঠার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সংসদ পরিচালিত হচ্ছে ধার করা আমলাদের দিয়ে। কেউ কেউ একে আমলাদের ডাম্পিং গ্রাউন্ডও বলে থাকেন। যেখানে আমলারা আসেন, এক-দুই বছর থাকেন, তারপর চলে যান। আমাদের নিজস্ব সচিবালয় নেই। ধীরে ধীরে এটি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চাচ্ছি। বিচার বিভাগীয় কর্ম কমিশন ও সরকারি কর্ম কমিশনের মতো সংসদীয় কর্ম কমিশন প্রতিষ্ঠারও চেষ্টা করছি, যাতে সংসদ সচিবালয়ের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা যায়।’

সংসদীয় গণতন্ত্রের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে ৭০ অনুচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যদের নিজস্ব বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা প্রয়োজন। তবে জাতীয় স্বার্থে কিছু বিধিনিষেধ বহাল রাখতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, ‘এটি আমাদের সংসদ, গণতন্ত্র ও স্বাধীন সংসদের জন্য সবচেয়ে জরুরি বিষয়—সংবিধানের ৭০ অনুচ্ছেদ। সংসদ সদস্যদের আরও স্বাধীনতা দিতে এবং অনুচ্ছেদটিকে সময়োপযোগী করতে এটি নতুন করে ভাবতে হবে, ভাষা পরিমার্জন করতে হবে এবং সংশোধন করতে হবে। অবশ্যই জাতীয় স্বার্থে কিছু বিধান রাখতে হবে। তবে পরিবর্তিত সামাজিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ৭০ অনুচ্ছেদ সংশোধন ও পরিমার্জন করা জরুরি বলে আমি মনে করি। জুলাই সনদেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।’

জবাবদিহি নিশ্চিত করার তাগিদ

নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রানডসেন বলেন, নাগরিকদের যথাযথ প্রতিনিধিত্ব, আইন প্রণয়নের কার্যকর পর্যালোচনা এবং নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করতে হবে সংসদকে।

তিনি বলেন, ‘সংসদ সদস্যদের সংসদে আলোচনার মাধ্যমে নাগরিকদের বিভিন্ন স্বার্থ ও উদ্বেগের প্রতিনিধিত্ব করতে হবে। আইন প্রণয়নের পাশাপাশি মন্ত্রীদের প্রশ্ন করার, সরকারি ব্যয় পর্যালোচনার এবং ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি ঠেকাতে নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনার সক্ষমতাও থাকতে হবে তাদের।’ এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, সংসদীয় কমিটির সক্রিয় ভূমিকা, বিতর্কে বিরোধী দলের অর্থবহ অংশগ্রহণ এবং সংসদ সদস্যদের জন্য পর্যাপ্ত গবেষণা সহায়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

সেমিনারে বক্তারা

সিপিডির সম্মাননীয় ফেলো ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বলেন, সংসদ সদস্যরা প্রায়ই জাতীয় আইন প্রণয়ন ও সংসদীয় নজরদারির চেয়ে নিজ নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে বেশি গুরুত্ব দেন।

তিনি পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, সংসদ সদস্যরা প্রায়ই স্কুল, হাসপাতাল, সড়ক ও কালভার্টের মতো স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করেন। অথচ আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তাদের আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।

রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সংসদ সদস্যদের জন্য আচরণবিধি প্রণয়ন, স্বার্থের সংঘাত প্রকাশ এবং প্রতিবছর সম্পদের বিবরণী জমা দেওয়ার আহ্বান জানান রওনক জাহান। তিনি বলেন, ‘নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনা, অন্যের সমালোচনা করা কিংবা সরকারের দুর্নীতি অনুসন্ধানের আগে নিজেদেরও জবাবদিহির আওতায় আসতে হবে।’

অধ্যাদেশের মাধ্যমে আইন প্রণয়নের প্রবণতা নিয়েও সতর্ক করেন তিনি। তার মতে, সংসদীয় সংস্কার কার্যকর হবে কি না, তা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে দলীয় নেতৃত্বের সদিচ্ছার ওপর নির্ভর করবে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিনও ৭০ অনুচ্ছেদ সংশোধনের আহ্বান জানান। তিনি বলেন, অনাস্থা প্রস্তাব ও বাজেটসংক্রান্ত সিদ্ধান্ত ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত।

সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের আনুপাতিক প্রতিনিধিত্ব এবং কমিটির কার্যক্রমে আরও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। ফাহিমা বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সংসদকে জনগণের আরও কাছাকাছি নিতে চাইলে সংসদ সদস্যদের সম্পদের বিবরণী প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করা জরুরি।’

তিনি জানান, সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব এবং জুলাই সনদের চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিটির সভাপতির পদগুলোর প্রায় ২৬ শতাংশ চেয়েছিল বিরোধী দল। তবে এখন পর্যন্ত তাদের শুধু সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য মো. সাইফুল আলম সংসদের তিনটি বড় প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা তুলে ধরেন। এগুলো হলো—বিধিমালার ৭৫ ও ৭৭ বিধি অনুযায়ী নোটিশের সময়সীমা ও কমিটির পর্যালোচনা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে স্পিকারের বিবেচনাধীন ক্ষমতা, ৫০টি স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত না থাকা এবং সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী ঘন ঘন অধ্যাদেশ জারি।

এসব সমস্যা সমাধানে সাত দফা সংস্কার প্রস্তাব করেন তিনি। এর মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, বিলের বাধ্যতামূলক কমিটি পর্যালোচনা নিশ্চিত করতে ৭৫ ও ৭৭ বিধি সংশোধন, আনুপাতিক হারে কমিটির সভাপতির পদ বণ্টন এবং প্রকৃত জরুরি পরিস্থিতি ছাড়া ৯৩ অনুচ্ছেদে অধ্যাদেশ জারি সীমিত করা।

নারী সংসদ সদস্য ও বিরোধী দলের প্রতিনিধিত্ব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বর্তমান সংসদের বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি দিলেও সংসদ সদস্যদের মধ্যে বিদ্যমান বৈষম্য ও দৃশ্যমান স্তরবিন্যাসের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, সংসদে নারী সংসদ সদস্যরা সমান মর্যাদা পাচ্ছেন। সংসদে চার ধরনের শ্রেণিবিন্যাস দেখা যায়। ক্ষমতাসীন দলের নির্বাচিত পুরুষ সংসদ সদস্য, বিরোধী দলের নির্বাচিত পুরুষ সংসদ সদস্য, ক্ষমতাসীন দলের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এবং সবার নিচে বিরোধী দলের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য।’

এ পরিস্থিতিকে একধরনের শ্রেণিবৈষম্য হিসেবে উল্লেখ করে সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান নুসরাত। 

সংসদের কার্যক্রমে সমান সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিশেষ করে পয়েন্ট অব অর্ডারে কথা বলা এবং স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন বিষয় উত্থাপনের সুযোগের ক্ষেত্রে বৈষম্যের কথা বলেন তিনি।

সেমিনারের আলোচকরা

সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ক্ষমতাসীন দলকে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৫, ১৯৮৮, ১৯৯৬ ও ২০১১ সালে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সংসদগুলো সংবিধান সংশোধন করেছিল।

বর্তমান সরকারকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবিধানিক পরিবর্তন যেন একতরফাভাবে চাপিয়ে দেওয়া না হয়।

তিনি বলেন, ‘সংসদের ভেতর থেকে যদি একে শক্তিশালী করতে না পারেন, তাহলে বাইরে থেকে সংসদকে কার্যকর করে তুলুন।’

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে ২৫ সদস্যের সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের বিষয়টিও তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, সংসদ সদস্যরা নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করছেন কি না, তা পর্যবেক্ষণে নাগরিক সমাজ ‘ম্যানিফেস্টো ওয়াচ’ নামে একটি উদ্যোগও নিয়েছে।

স্বচ্ছতা ও সংসদীয় নজরদারি জোরদার

সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার রাশনা ইমাম আইন প্রণয়নের খসড়া তৈরির আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বাধ্যতামূলক পরামর্শ এবং সংসদীয় স্থায়ী কমিটিতে বিলের প্রতিটি ধারা ধরে পর্যালোচনার আহ্বান জানান।

তিনি কমিটির বৈঠক জনসাধারণের জন্য উন্মুক্ত করা, কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব বাড়ানো এবং কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়গুলোর প্রতিবেদন জমা বাধ্যতামূলক করার সুপারিশ করেন।

আইন পাসের আগে সংসদ সদস্যদের পর্যাপ্ত গবেষণা সহায়তা এবং সাংবিধানিক, অর্থনৈতিক ও মানবাধিকারবিষয়ক প্রভাব মূল্যায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সংসদ সদস্যদের আচরণবিধি কার্যকর করতে আইন প্রণয়ন, প্রতিবছর সম্পদের বিবরণী জমা বাধ্যতামূলক করা এবং নির্বাচনি হলফনামার তথ্য আরও কঠোরভাবে যাচাইয়ের আহ্বান জানান। তিনি সংসদীয় কমিটিতে বিরোধী দলের আনুপাতিক প্রতিনিধিত্ব, সংসদ সদস্যদের বিশেষ অধিকারসংক্রান্ত আইন প্রণয়ন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের সম্পৃক্ততা কমানোর সুপারিশ করেন। একই সঙ্গে স্বার্থের সংঘাত নিরসনের ওপরও গুরুত্ব দেন তিনি।

স্বতন্ত্র রাজনীতিক ড. তাসনিম জারা বলেন, সরকারি সেবা প্রদানের কার্যক্রম পর্যবেক্ষণে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর আরও জোরালো ভূমিকা থাকা প্রয়োজন। কার্যকর নজরদারি নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিটির সুপারিশ বাস্তবায়ন মন্ত্রণালয়গুলোর জন্য বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি।

এ ছাড়া স্বার্থের সংঘাত এড়ানো ও জবাবদিহি বাড়াতে সংসদ সদস্যদের উপহার, ব্যবসায়িক স্বার্থ এবং পৃষ্ঠপোষকতায় বিদেশ সফরের তথ্য প্রকাশের জন্য একটি উন্মুক্ত নিবন্ধনব্যবস্থা চালুর প্রস্তাব করেন তাসনিম জারা।

সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, নীতিনির্ধারক, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

/ইউএস/
সম্পর্কিত
বাড্ডায় বাসে আগুন
পল্লবীতে পার্কিং করা বাসে আগুন
চকবাজারে বহুতল ভবনে আগুন
সর্বশেষ খবর
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
এক জেলায় বিস্ফোরণে আহত, আরেক জেলায় বাড়ি ঘেরাও করে ধরলো এসআরবি
এক জেলায় বিস্ফোরণে আহত, আরেক জেলায় বাড়ি ঘেরাও করে ধরলো এসআরবি
কিশোরী নিয়ে আপত্তিকর পোস্ট কলেজশিক্ষকের, চাইলেন ক্ষমা: অধ্যক্ষ বললেন ‘শোকজ করবো’
কিশোরী নিয়ে আপত্তিকর পোস্ট কলেজশিক্ষকের, চাইলেন ক্ষমা: অধ্যক্ষ বললেন ‘শোকজ করবো’
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী