বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশি পোশাক কারখানা হ্যামস গার্মেন্টস

গোলাম মওলা
২৯ জানুয়ারি ২০২৬, ১৬:১১ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:১৬

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বপরিসরে আরও এক অনন্য ও ঐতিহাসিক অর্জনের স্বাক্ষর রাখলো। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সর্বোচ্চ স্বীকৃতি ‘লিড প্লাটিনাম’ সার্টিফিকেশন অর্জন করেছে সর্বোচ্চ ১১০ নম্বরের মধ্যে ১০৮ নম্বর পেয়ে। এ অর্জনের মাধ্যমে হ্যামস গার্মেন্টস বিশ্বের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা হিসেবে রেকর্ড গড়েছে।

বিশ্বব্যাপী শিল্প খাতে যখন পরিবেশ সংরক্ষণ, জ্বালানি দক্ষতা, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্ব পাচ্ছে— তখন বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের পোশাক কারখানার এমন স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে। এটি শুধু একটি কারখানার সাফল্য নয়, বরং বাংলাদেশের পোশাক শিল্প যে টেকসই উন্নয়নের বৈশ্বিক মানদণ্ডে নেতৃত্ব দিতে সক্ষম— তারই শক্ত প্রমাণ।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের তৈরি পোশাক খাত বিশ্ববাজারে আকার, কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতার জন্য পরিচিত। তবে পরিবেশবান্ধব শিল্পায়নের ক্ষেত্রে একসময় যে খাতটিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, হ্যামস গার্মেন্টসের এই অর্জন সেই পুরোনো ধারণাকে কার্যত ভেঙে দিল। এটি দেখিয়ে দিলো—বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন এখন আর সীমিত বা পরীক্ষামূলক উদ্যোগ নয়, বরং এটি বাস্তব, পরিমাপযোগ্য এবং আন্তর্জাতিক মানের উৎকর্ষে পৌঁছেছে।

টেকসই শিল্প রূপান্তরে নতুন মানদণ্ড

সংশ্লিষ্টদের মতে, হ্যামস গার্মেন্টসের এই রেকর্ড-গড়া সাফল্য দেশের সামগ্রিক শিল্প খাতে টেকসই রূপান্তরকে আরও গতিশীল করবে। বর্তমানে বাংলাদেশে শতাধিক পরিবেশবান্ধব কারখানা কার্যক্রমে রয়েছে। এর মধ্যে হ্যামস গার্মেন্টস সর্বোচ্চ স্কোর অর্জনের মাধ্যমে একটি নতুন মানদণ্ড স্থাপন করলো— যা অন্যান্য কারখানাকেও ন্যূনতম শর্ত পূরণের গণ্ডি ছাড়িয়ে প্রকৃত উৎকর্ষের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান বলেন, “এই অর্জন শুধু আমাদের কারখানার জন্য নয়, পুরো বাংলাদেশের পোশাক শিল্পের জন্য গর্বের। এটি প্রমাণ করে যে, উন্নয়নশীল দেশ হলেও আমরা আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে সক্ষম। আমরা চাই এই সাফল্য অন্যান্য কারখানার জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক, যেন টেকসই ও দায়িত্বশীল উৎপাদন দেশের শিল্প খাতের প্রতিটি কোণে প্রসারিত হয়।”

বিশেষজ্ঞরা বলছেন, এ অর্জন প্রমাণ করে যে, পরিবেশবান্ধব উৎপাদন ও রফতানি সাফল্য পরস্পর-বিরোধী নয়। বরং দীর্ঘমেয়াদে পরিবেশ সচেতন শিল্প ব্যবস্থাপনাই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এই সাফল্য ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত ও নির্দেশক হয়ে থাকবে। এলডিসি থেকে উত্তরণ, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিনিষেধ এবং বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতায় টেকসই নেতৃত্বই শিল্পের বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করবে।’’

তিনি বলেন, “এই অর্জন দেখিয়ে দিয়েছে— বাংলাদেশ শুধু বৈশ্বিক প্রত্যাশার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে না। অনেক ক্ষেত্রেই সেই প্রত্যাশার মানদণ্ড নিজেই নির্ধারণ করছে।”

আরও তিনটি কারখানার লিড স্বীকৃতি

শীর্ষ অবস্থান আরও সুসংহত বাংলাদেশের পরিবেশবান্ধব শিল্পায়নের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের স্বীকৃত লিড সার্টিফিকেশন অর্জন করেছে দেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানা। এর ফলে বাংলাদেশে লিড-সার্টিফায়েড কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩টিতে।

নতুন স্বীকৃতি পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে— গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড, যা বিদ্যমান ভবন ব্যবস্থাপনা মানদণ্ডের আওতায় ১০৮ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সার্টিফিকেশন পেয়েছে এবং বিশ্বে সর্বোচ্চ স্কোরের নজির স্থাপন করেছে।

এ ছাড়া গাজীপুরের তেলিহাটি এলাকায় অবস্থিত ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড (ইউনিট–১) ৭০ পয়েন্ট পেয়ে গোল্ড সার্টিফিকেশন অর্জন করেছে।

অপরদিকে কালিয়াকৈরের বারইপাড়ায় অবস্থিত নাফা অ্যাপারেলস লিমিটেড (ইউনিট–১) ৬৫ পয়েন্ট পেয়ে গোল্ড সার্টিফিকেশন লাভ করেছে।

এই তিনটি নতুন সংযোজনের ফলে দেশে বর্তমানে ১১৫টি প্লাটিনাম ও ১৩৯টি গোল্ড— মোট ২৭৩টি লিড-সার্টিফায়েড কারখানা কার্যক্রমে রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক অবস্থানও আরও শক্তিশালী হয়েছে। বিশ্বের শীর্ষ ১০০ সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড-সার্টিফায়েড কারখানার মধ্যে এখন ৬৯টিই বাংলাদেশের।

মহিউদ্দিন রুবেল বলেন, ‘‘এই অগ্রগতি প্রমাণ করে, বাংলাদেশের পোশাক শিল্প এখন শুধু উৎপাদনের জন্য নয়, বরং পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।’’

তার ভাষায়, “এই সাফল্য দেখিয়ে দেয়— বাংলাদেশের তৈরি পোশাক খাত বৈশ্বিক জলবায়ু দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের মানদণ্ডের সঙ্গে সফলভাবে খাপ খাইয়ে নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে নতুন মানদণ্ডও স্থাপন করছে।”

বিশ্লেষকদের মতে, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়, কার্বন নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক ক্রেতাদের পরিবেশবান্ধব উৎপাদনের বাড়তি চাহিদার প্রেক্ষাপটে এ ধরনের অর্জন বাংলাদেশের রফতানি খাতের জন্য একটি বড় শক্তি হিসেবে কাজ করবে। হ্যামস গার্মেন্টসের বিশ্বরেকর্ড সেই পথচলারই এক উজ্জ্বল মাইলফলক।’’

হ্যামস গার্মেন্টসের সংবর্ধনা 

এদিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব উৎপাদনে অনন্য সাফল্য অর্জন করায় শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পাওয়া হ্যামস গার্মেন্টস লিমিটেডের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত থাকবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)-এর প্রতিনিধিবৃন্দ এবং হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

/এপিএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে পোশাক যাচ্ছে কম, দামও কম 
দীর্ঘমেয়াদি অংশীদারত্বে বাংলাদেশে ব্যবসা বাড়ানোর প্রতিশ্রুতি এলপিপির
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত