আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩১ মার্চ থেকে শুরু হওয়া এ আলোচনা চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনে ধারাবাহিকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ, গবেষক, পেশাজীবী সংগঠন ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে পর্যায়ক্রমে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা তাদের বাজেট প্রস্তাব, সমস্যা, কর ও শুল্কসংক্রান্ত জটিলতা এবং প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরবেন। আলোচনায় উত্থাপিত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করবে রাজস্ব কর্তৃপক্ষ।
প্রাক-বাজেট আলোচনা সভাগুলোর সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
৩১ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে (৫১১ নম্বর) প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) এবং সংবাদপত্র মালিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) প্রতিনিধিরা অংশ নেবেন। একই দিন বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আরেকটি আলোচনা সভা। এতে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
প্রতিবছরের মতো এবারও বাজেট প্রণয়নের আগে বিভিন্ন অংশীজনের মতামত সংগ্রহে উদ্যোগ নিয়েছে এনবিআর। বিশেষ করে ব্যবসায়ী সংগঠনগুলো খাতভিত্তিক কর ও শুল্ক কাঠামো নিয়ে তাদের প্রস্তাব ও সুপারিশ তুলে ধরবে। এসব প্রস্তাব পর্যালোচনা করে বাজেট প্রণয়নের সময় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে চলতি মাসের শুরুতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছে লিখিতভাবে বাজেট প্রস্তাব আহ্বান করা হয়। তাদের ১৫ মার্চের মধ্যে প্রস্তাব জমা দিতে বলা হয়েছিল।
এনবিআরের কর্মকর্তারা জানান, রাজস্ব আহরণ নীতি নির্ধারণ ও বাজেট প্রণয়নে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সংগত বাজেট প্রণয়নের লক্ষ্য রয়েছে সংস্থাটির।
প্রাক-বাজেট আলোচনা পর্ব শেষ হওয়ার পর আগামী ২৯ এপ্রিল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে একটি পরামর্শক সভা অনুষ্ঠিত হবে।









