সোশ্যাল ইসলামী ব্যাংক পুনরুদ্ধারে অন্তত ৮ বছর সময় প্রয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৬, ১৭:৩৬আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৭:৩৬

পরিকল্পিত অনিয়ম ও দুর্নীতির কারণে গত সাত থেকে আট বছরে একসময় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) গুরুতর সংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মেজর ডা. রেজাউল হক (অব.)। তার দাবি, বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের বোঝা সামাল দিতে ব্যাংকটিকে পুনরুদ্ধারের জন্য অন্তত আট বছর সময় দেওয়া প্রয়োজন।

সোমবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর ডা. রেজাউল হকের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তার আইনজীবী মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলা অনিয়ম ও দুর্নীতির তথ্য জানা থাকার পরও বাংলাদেশ ব্যাংক কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনও বিচারও হয়নি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে নিয়ে জোরপূর্বক সই করিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে ব্যাংকের মালিকানা ছাড়িয়ে নেওয়া হয়েছিল। জীবননাশের আশঙ্কায় তখন কেউ প্রতিবাদ করতে পারেননি বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর উদ্যোক্তাদের আশা ছিল অতীতের লুটপাট বন্ধ করে ব্যাংকটিকে পুনরুদ্ধারের সুযোগ দেওয়া হবে। কিন্তু সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের অসহযোগিতার কারণে তারল্য সহায়তা পাওয়া সত্ত্বেও ব্যাংকটি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পাশ কাটিয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলেও অভিযোগ করা হয়।

তারা বলেন, বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ ও কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ অনেক বেশি। ফলে অল্প সময়ে এ দায় পরিশোধ করা সম্ভব নয়। তবে পর্যাপ্ত সময় পেলে এবং নতুন বিনিয়োগ এলে ব্যাংকটি আবারও ঘুরে দাঁড়াতে পারে। তাদের দাবি, আইডিবিসহ কয়েকটি বড় শিল্পগোষ্ঠী ব্যাংকটিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে ব্যাংকের শেয়ার শূন্যে নামিয়ে আনা হয়েছে, যার ফলে সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একইসঙ্গে এস আলম গ্রুপের অনিয়মের দায়ও সাধারণ বিনিয়োগকারীদের ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ অবস্থায় সোশ্যাল ইসলামী ব্যাংককে সম্ভাব্য মার্জার প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। প্রকৃত উদ্যোক্তাদের হাতে ব্যাংকের পরিচালনা দায়িত্ব ফিরিয়ে দিলে তারা পুনরুদ্ধারের উদ্যোগ নিতে পারতেন বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে ব্যাংক কোম্পানি আইন-সংক্রান্ত নতুন ব্যাংক রেগুলেশন অ্যাক্ট ২০২৫ পাস না করার আহ্বানও জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, নিয়ন্ত্রক সংস্থাও ব্যাংকের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে।

এ সময় ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া, ব্যবসায়ীদের সহায়তা এবং সংকট সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। তাদের অভিযোগ, ব্যাংকের সঙ্গে যুক্ত অনেক ব্যবসায়ী প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় শ্রেণিকৃত হয়ে পড়ছেন এবং অন্য প্রতিষ্ঠান থেকেও ঋণ নিতে পারছেন না। ফলে অনেকের ব্যবসা অস্তিত্ব সংকটে পড়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি