উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কয়েক দফা বাড়ানোর পর পর তিন দফা কমানো হলো দাম। জুন মাসের জন্য প্রতি লিটার জেট ফুয়েল ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। এর আগে ২৩ মে প্রতি লিটার জেট ফুয়েল ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়।
রবিবার (৭ জুন) নতুন এই দামের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগের মাসে আরও একবার দাম কমানো হয়েছিল। গত ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়।
প্রসঙ্গত, ৭ এপ্রিল প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল প্রায় ২৫ টাকা, তার আগে, গত ২৪ মার্চ প্রতি লিটারে বাড়ানো হয়েছিল দাম ৯০ টাকা।
বিইআরসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ (৪) এবং ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে— ২০২৫ সালের ১৩ মে বিইআরসি আদেশ নম্বর: ২০২৫/০৮ এর মাধ্যমে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর যথাক্রমে শুল্ক ও মূসকসহ এবং শুল্ক ও মূসকমুক্ত মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীকালে কমিশন কর্তৃক মাসভিত্তিতে প্লাটস রেট (আন্তর্জাতিক বাজার) এর ভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম এক দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়৷









