রাজধানী ঢাকার মগবাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়া এক পথচারী বাসচাপায় নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
রবিবার (৭ জুন) বিকালে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকালে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়েন। এসময় আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। আশপাশের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মো. আল-আমিন জানান, নিহতের মরদেহ সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক জাহিদকে আটক করে থানায় পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত বাসের চালককে আটক করা যায়নি।









