লাইসেন্সিং জটিলতা কমাতে অস্থায়ী অনুমোদনের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ২১:৫৮আপডেট : ২১ জুন ২০২৬, ২১:৫৮

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং সমন্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। বিনিয়োগকারীদের দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা থেকে মুক্তি দিতে অস্থায়ী লাইসেন্স বা অনুমোদন দেওয়ার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের অনুমোদন সেবা এক জায়গা থেকে পাওয়ার জন্য কেন্দ্রীয় অনলাইনভিত্তিক ‘ওয়ান-স্টপ উইন্ডো’ ব্যবস্থা চালু করা হবে।

রবিবার (২১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তারেক রাফি ভূঁইয়া। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে দীর্ঘ লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া। এ কারণে অনেক সময় বিনিয়োগকারীরা প্রকল্প বাস্তবায়নে বিলম্বের মুখে পড়েন। সরকার এ সমস্যা দূর করতে এমন একটি ব্যবস্থা চালুর চিন্তা করছে, যাতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগেই বিনিয়োগকারীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে অস্থায়ী অনুমোদন নিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করতে পারেন।

তিনি জানান, বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে বারবার ঘুরতে না হয়, সে জন্য একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এই ‘ওয়ান-স্টপ উইন্ডো’র মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র ও লাইসেন্সিং সেবা একই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে, যা ব্যবসা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে শিল্পকারখানা বা ভৌত অবকাঠামো নির্মাণসংক্রান্ত অনুমোদনের ক্ষেত্রে কিছু বাস্তব সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, পরিবেশগত প্রভাব এবং ঝুঁকি ব্যবস্থাপনার মতো বিষয়গুলো যথাযথভাবে যাচাই না করে অনুমোদন দেওয়া সম্ভব নয়। ফলে সব ধরনের প্রকল্পের অনুমোদন ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা বাস্তবসম্মত নয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো, বিশেষ করে ফায়ার সার্ভিস ও অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পরিদর্শনের পর চূড়ান্ত অনুমোদন দেবে।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকার ইতোমধ্যে অনুমোদন প্রক্রিয়ার সময়সীমা কমিয়ে আনার একটি রূপরেখা তৈরি করেছে। বর্তমানে খাতভিত্তিক লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নিয়ে কাজ চলছে। কারণ বিদ্যুৎকেন্দ্র, টেক্সটাইল, ভারী শিল্প বা প্রযুক্তিনির্ভর শিল্পের অনুমোদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র এক নয়। তাই প্রতিটি খাতের বাস্তবতা বিবেচনায় পৃথক কাঠামো নির্ধারণ করা হচ্ছে।

বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে কারখানা পরিদর্শন কার্যক্রমেও বড় ধরনের পরিবর্তন আনার কথা জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, ভবিষ্যতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংশ্লিষ্ট সব সংস্থার পরিদর্শন কার্যক্রম সমন্বয় করবে। বিডা একটি নির্দিষ্ট তারিখে সব সংস্থাকে একত্র করে একযোগে পরিদর্শনের ব্যবস্থা করবে, ফলে একই প্রতিষ্ঠানে বারবার বিভিন্ন দপ্তরের আলাদা পরিদর্শনের প্রয়োজন হবে না।

সভায় বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রসঙ্গেও সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, জ্বালানিনির্ভরতা কমিয়ে পরিবহন খাতকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে চায় সরকার। সাম্প্রতিক জ্বালানি সংকট প্রমাণ করেছে যে ডিজেল ও পেট্রোলিয়ামজাত জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতির জন্য ব্যয়বহুল এবং সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি জানান, দীর্ঘমেয়াদে বাংলাদেশকে বৈদ্যুতিক ও হাইব্রিড প্রযুক্তিনির্ভর যানবাহনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশ এখনো পুরোপুরি বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রস্তুত নয়। তাই আপাতত প্লাগ-ইন হাইব্রিড যানবাহনের আমদানি ও ব্যবহার উৎসাহিত করার দিকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।

জেবিসিসিআই প্রতিনিধিদল বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প স্থাপন, লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ এবং টেকসই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও বাণিজ্য অংশীদার। জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

/জিএম/এম/
সম্পর্কিত
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়