আমদানি-রফতানির আড়ালে বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং বা টাকা পাচার ঠেকাতে এবার সরকারি-বেসরকারি খাতকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি আন্তঃসংস্থা স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিংয়ের (টিবিএমএল) বিদ্যমান ঝুঁকি, চ্যালেঞ্জ, তথ্য বিনিময় এবং আন্তঃসংস্থা সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ ধরনের অপরাধ শনাক্ত ও প্রতিরোধে ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত দেন।
সভায় বলা হয়, টিবিএমএলের ধরন ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে প্রচলিত একক সংস্থাভিত্তিক নজরদারি দিয়ে এ ধরনের অপরাধ কার্যকরভাবে ঠেকানো কঠিন। এজন্য নিয়ন্ত্রক সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক, কাস্টমস কর্তৃপক্ষ এবং বেসরকারি খাতের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও দ্রুত তথ্য বিনিময় প্রয়োজন।
এ লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় একটি আন্তঃসংস্থা স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি টিবিএমএলের ঝুঁকি ও চ্যালেঞ্জ পর্যালোচনা, গৃহীত কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালী করা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কাজ করবে।
নিয়মিত সভার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রমও পর্যালোচনা করবে কমিটি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
সভায় অংশ নেন বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ ও ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের নির্বাহী পরিচালকরা। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন অধিদপ্তর, ঢাকা ও বেনাপোল কাস্টমস হাউস, আইসিডি কমলাপুর, মোংলা কাস্টমস হাউস, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাণিজ্যের পরিমাণ বিবেচনায় ১৫টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে প্রস্তাবিত এই কমিটি সম্ভাব্য টিবিএমএল কার্যক্রম শনাক্ত, সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের পাশাপাশি সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক উত্তম চর্চার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জটিল আর্থিক অপরাধ মোকাবিলায় ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) আন্তঃসংস্থা সমন্বয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং তথ্য বিনিময়ভিত্তিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
বিশ্বের বিভিন্ন দেশে মানিলন্ডারিং, সন্ত্রাসী অর্থায়নসহ জটিল আর্থিক অপরাধ প্রতিরোধে এ ধরনের সমন্বিত কাঠামো কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।









