সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮

১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস, রফতানি ও বন্ড শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এই নির্দেশনার এতদিন পরেই  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সিদ্ধান্তটি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। 

এনবিআরের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করা হলো। তবে ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রফতানিকারকদের ব্যাংক গ্যারান্টি দিয়ে এ সুতা আমদানির সুযোগ দেওয়া হবে।  

এ জন্য সংশ্লিষ্ট রফতানিকারককে বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে। পাশাপাশি আমদানির সময় প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি দিতে হবে। 

এনবিআর জানিয়েছে, আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি পণ্য পুরোপুরি রফতানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা যাবে।

কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে জারি করা এ আদেশ ৭ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে। তবে আদেশ জারির আগে জাহাজীকরণ করা পণ্যচালানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। 

সিদ্ধান্ত নিয়ে আপত্তি দুই সংগঠনের

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়নি। অথচ পরে ওই সভার কার্যবিবরণীতে বিষয়টি সিদ্ধান্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

তাদের দাবি, সভার আলোচনার বাইরে এ ধরনের বিষয় কার্যবিবরণীতে যুক্ত হওয়ায় তারা বিস্মিত হয়েছেন। 

চিঠিতে বলা হয়, কার্যবিবরণীর সিদ্ধান্তের ৫-এর ‘ক’ অনুযায়ী ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানির কথা বলা হয়েছে। আর ‘খ’ অনুযায়ী রফতানিমুখী শিল্পের প্রয়োজনীয় সুতার অন্তত ৫০ শতাংশ স্থানীয় স্পিনিং মিল থেকে সংগ্রহ বাধ্যতামূলক এবং বাকি ৫০ শতাংশ আমদানির সুযোগ দেওয়ার কথা রয়েছে। 

বিজিএমইএ ও বিকেএমইএর মতে, এ সিদ্ধান্ত বাস্তবতাবিবর্জিত ও আত্মঘাতী। এটি কার্যকর হলে দেশের তৈরি পোশাকশিল্প বড় ধরনের সংকটে পড়বে। 

‘বন্ড সুবিধা ছাড়া প্রতিযোগিতা সক্ষমতা কমবে’

চিঠিতে দুই সংগঠন বলেছে, দীর্ঘদিন ধরে প্রচলিত বন্ড ব্যবস্থার ওপর নির্ভর করেই দেশের তৈরি পোশাকশিল্প গড়ে উঠেছে। হঠাৎ করে বন্ড সুবিধা প্রত্যাহার করা হলে বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাবে। একই সঙ্গে রপ্তানিমুখী পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতাও কমে যাবে। 

বিশ্বের বিভিন্ন প্রতিযোগী দেশ তাদের শিল্পের প্রসারে বন্ড সুবিধা চালু ও সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে সংগঠন দুটি বলেছে, সেখানে বাংলাদেশে উল্টো বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে দেশের রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। 

স্থানীয় সুতা বাজারের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেছে সংগঠন দুটি। তাদের দাবি, বর্তমানে তৈরি পোশাকশিল্পে রপ্তানি আদেশ কম থাকায় সুতার চাহিদা তুলনামূলক কম। তারপরও স্থানীয় বাজারে সুতার দাম বাড়ছে। এতে একটি স্বার্থান্বেষী মহল স্থানীয় বাজারে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করছে কি না, সে প্রশ্নও তুলেছে তারা। 

চিঠিতে আরও বলা হয়, জ্বালানি সংকটের কারণে স্থানীয় স্পিনিং মিলগুলো বর্তমানে তাদের উৎপাদন সক্ষমতার ৫০ শতাংশের বেশি ব্যবহার করতে পারছে না। ফলে শুধু স্থানীয় উৎসের ওপর নির্ভর করে রপ্তানিমুখী পোশাকশিল্পের প্রয়োজনীয় সুতা সরবরাহ করা সম্ভব হবে না। 

জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

এ অবস্থায় তৈরি পোশাকশিল্পের স্বার্থে ২০ আগস্টের সভার আলোচনার বাইরে নেওয়া সিদ্ধান্তের ৫-এর ‘ক’ ও ‘খ’ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। 

একই সঙ্গে প্রয়োজনে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর অংশগ্রহণে ত্রিপক্ষীয় বৈঠকেরও প্রস্তাব দিয়েছে সংগঠন দুটি। 

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে। সেখানে সিদ্ধান্ত ৫-এর ‘ক’ ও ‘খ’ অনুযায়ী কোনও পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশি পোশাকের দাম
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বশেষ খবর
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
একই বিষয়ে একাধিক রিট: রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা
একই বিষয়ে একাধিক রিট: রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ