গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ১৩ হাজার ৯২৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম আগের ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা থেকে কমে ২ লাখ ১৩ হাজার ৯২৪ টাকা হয়েছে। অর্থাৎ ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫২ টাকা।

বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। পরে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ৩৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৫ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৮০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণ ও রুপার অলংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৬ বার দাম বাড়ানো হয়েছে, ৭৩ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
তলানিতে স্বর্ণের দাম, এক বছরের মধ্যে সর্বনিম্ন
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
আ.লীগের আরেক এমপির বাসার মূল্যবান মালামাল লুটের পর পেট্রোল ঢেলে আগুন
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির