গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে সবাইকে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে। তাই সৃষ্টিশীল চিন্তা-ভাবনা নিয়ে গ্রাহক সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (২৭ জানুয়ারি) ঢাকায় আইডিইবি ভবনে ‘নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য উন্নত সেবা’ এই প্রতিপাদ্যে ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাহী কমিটির সভাপতি এস এম সাইফুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. (অব.) মো. শাহিদ সারওয়ার, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি এ কে এম এ হামিদ ও ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যুগের চাহিদার সঙ্গে আধুনিক হতে হবে। ইলেকট্রিক যানবাহনের চাহিদা সারা বিশ্বে বাড়ছে, বাংলাদেশেও বাড়বে। চার্জিং স্টেশন সংক্রান্ত প্রশিক্ষণ ও করণীয় এখনি ঠিক করা প্রয়োজন। ডেসকো’র আয়তন বাড়ছে, তাই গ্রাহকও বাড়ছে। প্রি-পেইড মিটার, ভূগর্ভস্থ কেবল ও সাব-স্টেশন, স্মার্ট মিটার, অনলাইন বিল, দ্রুত সংযোগ ইত্যাদি সেবা নিয়ে এখন গ্রাহকদের কাছে যেতে হবে, তাদের যেন বিদ্যুৎ অফিসে আসতে না হয়।’
ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির পক্ষ থেকে ডিগ্রি, ডিপ্লোমা ও টেকনিশিয়ানদের পদ বিন্যাস, পে স্কেল অনুযায়ী বার্ষিক প্রবৃদ্ধি, দ্রুত পদোন্নতি ও পরিচালনা পর্ষদে আইডিইবির প্রতিনিধি রাখার দাবি জানানো হয়।








