রাজধানীতে পাঁচ সরকারি ভবনের ছাদে বসছে সৌর প্যানেল

সঞ্চিতা সীতু
২২ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫১

সৌর প্যানেল (ফাইল ছবি)

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সরকারি অফিসের বড় পরিসরের ছাদে সোলার প্যানেল স্থাপন করতে যাচ্ছে ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি। প্রাথমিকভাবে পাঁচটি ভবনের  ছাদ নির্বাচন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে, একইভাবে যদি ঢাকার সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল বসানো যায়, তবে প্রতিদিন অন্তত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।


খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ও ওয়াপদা ভবনের ছাদে ইতোমধ্যে সোলার প্যানেল বসানো হয়েছে।  পাইলট প্রকল্প হিসেবে এই দু’ভবনের ছাদে প্যানেল বসানো হয়েছে। আর এখন একইভাবে অন্য সরকারি ভবনগুলোর ছাদেও প্যানেল বসানোর প্রকল্প হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) খাদ্য ভবন, শিক্ষা ভবন ও মহিলা বিষয়ক অধিদফতরের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে। এজন্য এই তিন ভবনের কর্তৃপক্ষের সঙ্গে সাইট লিজ অ্যাগ্রিমেন্ট (এসএলএ) করেছে তারা। এই প্যানেলগুলো বসানোর জন্য ইতোমধ্যে লেটার অব ইনটেন্ড (এলওআই) বা কাজ শুরুর অনুমতিপত্রও দেওয়া হয়েছে।  এছাড়া, শিল্পকলা একাডেমির ছাদে প্যানেল বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। কিন্তু পরে একাডেমি কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় ঢাকা বিভাগীয় কমিশনারের এক নম্বর ভবনের ছাদে প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে পিডব্লিউডিকে চিঠিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, হজ ক্যাম্পের ছাদে ৫০০ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো)। এরইমধ্যে দরপ্রস্তাব পাওয়া গেছে। সবকিছু যাচাই-বাছাই করে ছয়টি প্রতিষ্ঠানের দরপ্রস্তাব প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এখন প্রস্তাবগুলো চূড়ান্ত করার জন্য যাচাই-বাছাই চলছে।

টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বলছে, বাণিজ্যিক ও আবাসিক ভবনের ছাদের উপরিভাগ পুরোপুরি বা আংশিকভাবে অব্যবহৃত পড়ে থাকে । গ্রিডটাইড সোলার পিভি সিস্টেমের  অধীন সোলার পাওয়ার প্ল্যান্ট, যা ভবনের চাহিদানুসারে বিদ্যুৎ সরবরাহের পর অতিরিক্ত বিদ্যুৎ স্থানীয় বিতরণ ব্যবস্থায় সরবরাহ করতে পারে।  এটা গ্রিডটাইড এসি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে গ্রিড সংযুক্ত এলাকায় একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।  সরকার এই মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে দেখছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করে রাজধানীতে প্রায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

এ বিষয়ে ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এজন্য সরকারি ভবনগুলোর ছাদে সৌর প্যানেল বসানোরও পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিপিডিসি’র দুই ভবনের ছাদে প্যানেল বসিয়েছি। আরও চারটি ভবনে প্যানেল বসানোর কাজ দ্রুত শুরু করা হবে।’

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শাহীদ সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেসকো অনেকগুলো ভবনের ছাদে প্যানেল বসানোর পরিকল্পনা করেছে। বর্তমানে হজ ক্যাম্পের ছাদে প্যানেল বসানোর কাজ শুরু হতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ফলে আরও ভবনের ছাদে প্যানেল বসানোর কাজ করা হবে।’

 

/এমএ/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী