বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্য তুলে ধরে সাধারণ মানুষকে জানাতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’। ‘জ্বালানি ও বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘অনির্বাণ আগামী’ এই শিরোনামে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানিখাতে যেমন প্রচুর বিনিয়োগ হয়, তেমনি প্রযুক্তিরও সর্বোচ্চ ব্যবহার করা হয়। এই বিষয়গুলো সাধারণ মানুষকে জানানো এই সপ্তাহ আয়োজনের একটি উদ্দেশ্য। পাশাপাশি এই সপ্তাহের সঙ্গে যুক্ত করা হচ্ছে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের। যারা ভবিষ্যতে এদেশের নানাখাতে নেতৃত্ব দেবে।ফলে তারা দায়িত্ব নেওয়ার আগে থেকে দেশের বিদ্যুৎ ও জ্বালানিখাতের বিষয়ে ধারণা পেয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। শিগগিরই আমরা উন্নত দেশ হতে যাচ্ছি। এই নতুন ডাকের দূত হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। কারণ বাংলাদেশের উন্নয়নের একটি বড় অংশ বিদ্যুৎ ও জ্বালানিখাতের সঙ্গে যুক্ত।’
বিদ্যুৎ বিভাগ জানায়, বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিন দিন নানা আয়োজনে এই সপ্তাহ পালন করা হবে। প্রতিবারের মতো এবার বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহে থাকবে মেলা, ক্যাম্প ও সেমিনার। মেলায় বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রাধান্য পাবে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে। বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবারের মতো বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কার দেওয়া হবে।
এই প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের অন্য এক কর্মকর্তা বলেন, বিদ্যুতের আলোয় বদলে গেছে মানুষের জীবন, জীবিকা নির্বাহ এবং ব্যবসায় এসেছে গতি। যেখানে জাতীয় গ্রিড নেই সেখানে সৌরবিদ্যুতের মাধ্যমে পৌঁছে গেছে বিদ্যুৎ সংযোগ, শহরের পাশাপাশি আলোকিত হয়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তবায়িত হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ। এই সাফল্যে দেশের সকল শ্রেণি ও পেশার মানুষকে সম্পৃক্ত করে সামনে রেখেই এই সপ্তাহ পালন করতে যাচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।








