গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারে শূন্য দশমিক ৪২৩৫ টাকা থেকে বাড়িয়ে ২০২১-২২ অর্থবছরে শূন্য দশমিক ৭৩০৭ এবং ২০২২-২৩ অর্থবছরে শূন্য দশমিক ৮৬৫৮ টাকা করার প্রস্তাব দিয়েছে জিটিসিএল। এর বিপরীতে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ২০২১-২২ অর্থবছরের জন্য শূন্য দশমিক ৪৮৯০ টাকা করার সুপারিশ করেছে।
সোমবার (২১ মার্চ) রাজধানীর বিয়াম অডিটোরিয়াম গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল’র গ্যাসের সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে এই সুপারিশ করেছে কারিগরি মূল্যায়ন কমিটি।
এ সময় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক উপস্থিত ছিলেন।
শুনানিতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) জানায়, গ্যাস ট্রান্সমিশন চার্জ (গ্যাস সঞ্চালন ট্যারিফ) প্রতি ঘনমিটার ০.৪২৩৫ টাকা হতে আবেদন অনুযায়ী, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে যথাক্রমে শূন্য দশমিক ৭৩০৭ এবং শূন্য দশমিক ৮৬৫৮ টাকায় বৃদ্ধি করা না হলে, জিটিসিএল এর পক্ষে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন, কম্প্রেসর স্টেশন, গ্যাস ট্রান্সমিশন গ্রিড ও আনুসঙ্গিক স্থাপনা পরিচালন ও রক্ষণাবেক্ষণ, ডিভিডেন্ড এবং ডিএসএল পরিশোধসহ দৈনন্দিন ব্যয় নির্বাহ সম্ভবপর হবে না।
প্রসঙ্গত, গ্যাসের মূল দামের সঙ্গে গ্যাসের সঞ্চালন ও বিতরণ চার্জ যুক্ত করেই নিধারণ করা হয় গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম।









