দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং বিদ্যুৎ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ১৫ মার্চ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১০ গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদানের ঘোষণা দেওয়া হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে আসছে।
এ বিষয়ে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আনন্দিত। আমরা আমাদের কাজের স্বীকৃতি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম, তা পূরণ করতে পেরেছি। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে পারবো বলে আশা করছি।’
এর আগে ১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
এবছর ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পাঁচ জন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ এবং প্রয়াত সিরাজুল হক (মরণোত্তর)।
‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।
‘স্থাপত্যে’ প্রয়াত স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম (মরণোত্তর) এবং ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এছাড়া ‘সাহিত্যে’ প্রয়াত মো. আমির হামজাকে (মরণোত্তর) প্রথমে মনোনয়ন করা হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।
এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আধুনিক বাংলার রূপকার, আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় শতভাগ বিদ্যুতায়নের এই সাফল্য অর্জিত হয়েছে। তার জন্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নত সমৃদ্ধ দেশের পথে। জাতির পিতার জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুরর্ণজয়ন্তীতেই দুর্গম পাহাড় থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। শতভাগ বিদ্যুতায়নের এ অনন্য মাইল ফলক অর্জনের জন্য বিদ্যুৎ বিভাগ ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার অর্জন করলো। এজন্য কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ জানাই বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দফতর-সংস্থার প্রত্যেক সহকর্মীকে, যারা এই অসাধ্যকে বাস্তবে রূপ দিয়েছেন।’








