রাজধানীতে অবৈধ ও বকেয়া গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫২টি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
মঙ্গলবার (১৩ জুন) তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৬ এর অধিভুক্ত এলাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে মেট্রো ঢাকার (উত্তর ও দক্ষিণ) বিভিন্ন বিভাগ থেকে ১৮টি টিম অংশ নেয়। অভিযানে ৫২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে, বকেয়ার কারণে ৪৪টি (চুলার সংখ্যা ১৬৩টি) এবং অবৈধ কার্যকলাপের জন্য ৮টি (চুলার সংখ্যা ৬১টি) সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।
অভিযানের বিষয়ে তিতাসের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, আমাদের এই অভিযান অব্যাহত আছে, থাকবে।









