কয়লা সংকটের কারণে আবার বন্ধ হয়ে গেলো রামপাল বিদ্যুৎকেন্দ্র। শনিবার দিবাগত রাত ৩টা ২৮ মিনিটে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হয়। এরপর সাত মাসে পাঁচবার বন্ধ হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।
বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র বলছে, ৫৫ হাজার টন কয়লা নিয়ে একটি জাহাজ রামপালের উদ্দেশে ইন্দোনেশিয়া ছেড়েছে। আগামী ৮ আগস্ট কেন্দ্রটি ফের উৎপাদনে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
পিডিবির পরিচালক (জনসংযোগ) শামিম হাসান বলেন, ৫৫ হাজার টন কয়লা আসছে। এলেই কেন্দ্রটি ফের চালু হবে।
ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সমান অংশীদারত্বে ১৩২০ মেগাওয়াটের কেন্দ্রটি নির্মাণ করেছে। বাগেরহাটের রামপালে নির্মাণ করা কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন করছে। অন্য ইউনিটটি থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।









