নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুতি আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য হেপাটাইটিস বি ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নজরুল হামিদ বলেন, ‘নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুতি আছে। আমাদের খেয়াল আছে ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও করে সারা বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করেছিল। যার ফলে জ্বালানিতে ব্যাপকভাবে সাপ্লাই চেইনের ব্যাঘাত হয়েছিল। এবার সে ধরনের নাশকতা এড়াতে প্রস্তুতি নিয়ে রেখেছি।’
তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন। এ নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত জোট বড় ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে, যেটা আমরা আঁচ করছি। এটার জন্য আমাদের জ্বালানি কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা আমরা সম্মিলিতভাবে করেছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আমরা মনে করি, ভালোমতো সাপ্লাই করতে পারবো, যদি বড় কোনও অঘটন না হয়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী মার্চের পর হিট ওয়েদার আসা শুরু হবে। ওই সময়ে বিদ্যুৎ স্বাভাবিক রাখতে আমরা প্রস্তুতি নিয়েছি। বিশেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে সেচ ব্যবস্থার জন্য প্রস্তুতি ব্যাপকভাবে নেওয়া হয়েছে।’
তিনি জানান, এ বছর বিদ্যুতের যে চাহিদা ছিল, তার চেয়ে প্রায় ৮ গুণ বেড়ে যাবে আগামী বছরে। সেটার জন্য আমরা পরিকল্পিত একটা ব্যবস্থা নিয়েছি। আশা করছি, কোনও সমস্যা হবে না। আগামীতেও ভালো অবস্থানেই যাবো। আমাদের ট্রান্সমিশন লাইনও ভালো অবস্থানে আসবে। সাবস্টেশন ভালো অবস্থানে আছে। গ্যাসের অবস্থানও ভালো অবস্থানে আছে।জ্বালানির ব্যাপারে একটা ভালো অবস্থানে যাবো, আশা করছি।’
ডলার সংকটে জ্বালানি কাঠামো ভেঙে পড়তে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘ভেঙে পড়বে না, তবে কিছুটা সংকট তো আছে। সেটা আমরা ম্যানেজ করছি। আমরা আশা করছি, আগামী ৬-৭ মাসের মধ্যে ভালো অবস্থানে চলে যাবে। তবে এখনও সংকট কাটেনি। আমি মনে করি, পরিস্থিতি ওরকম খারাপের দিকে যায়নি। আমাদের হাতে আছে।’
সিলেটে আরও তেলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমরা আরও দুটি ডিল করতে যাচ্ছি সিলেটে। আরও ৫-৬ মাস দেখবো। তেলের পরিমাণ কেমন পাওয়া যাবে, তার পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’ বিবিয়ানা গ্যাস ফিল্ডে গ্যাসের উৎপাদন কমে যাওয়ার বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘আমার কাছে মনে হয় সম্ভাবনা খুবই ভালো। আমাদের রেজাল্ট যে আসছে বিশেষ করে টুডি, থ্রিডি সার্ভের। ২০২৬-২৭ পরবর্তীকালে আমরা আগের অবস্থানে ফিরে যেতে পারবো। হয়তো ২০২৪, ২০২৫ এবং ২০২৬ এর মধ্যে একটা ডিক্লাইন অবস্থায় থাকবে বিবিয়ানা। কিন্তু ২০২৭ সালে আবার সেটা রিকভার করবে। সুতরাং, আমি মনে করি, এটা একটা বড় আশার বাণী।’
ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ডিআরইউর সেক্রেটারি মহিউদ্দিন, ক্রিয়া সম্পাদক মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদ শিপন প্রমুখ।









