সরকারি-বেসরকারি উদ্যোগের তেল পরিশোধনাগার নির্মাণ প্রকল্প থেকে বাদ পড়ল এস আলম গ্রুপ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) জ্বালানি বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।
জ্বালানি বিভাগ বলছে, ‘ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
গত সরকারের শেষ সময়ে এসে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ইউনিট ২-এ যুক্ত করা হয় এস আলম গ্রুপকে। বিপিসির এই প্রকল্পটি ২০১২ সালে হাতে নেওয়া হয়। এর মধ্যে ফ্রান্সের কোম্পানি টেকনিফের সঙ্গে বিপিসি চুক্তিও করে। কিন্তু পরে তারা প্রকল্প থেকে সরে গেলে আর নতুন বিনিয়োগকারী পায়নি সাবেক সরকার।
প্রসঙ্গত, আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধনের জন্য ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের প্রস্তাব দীর্ঘদিন ধরেই আলোচনা আছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২’ শীর্ষক প্রকল্পটি বিপিসি বা ইআরএল এবং এস আলম গ্রুপের মধ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগী আওতায় বাস্তবয়ন প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সব ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়ন করার পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি পাঠানোর জন্য বিপিসিতে পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে তেল পরিশোধনক্ষমতা বেড়ে ৪৫ লাখ মেট্রিক টন হতো। এখন প্রতি বছর ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে ইআরএল।








