আমরা জ্বালানির ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি নির্ভর, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। আমাদের এই নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিতে হবে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন সব মসজিদ-মাদ্রাসার ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সবার সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর একটি কনভেনশন হলে ঢাকার উত্তরাংশে ডেসকোর ভৌগলিক এলাকার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মসজিদ কমিটির প্রতিনিধিদের সঙ্গে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভার প্রধান অতিথির বক্তব্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, এখানে আপনাদের ৫০০ মানুষকে জানানো মানে আপনার মাধ্যমে বিভিন্ন এলাকায় ৫০০ হাজার মানুষের কাছে পৌঁছানো। মসজিদের ইমাম, খতিব সাহেবদের সমাজের ওপর যথেষ্ট প্রভাব রয়েছে। অনেক সময় পারিবারিক বিষয় নিয়েও মানুষ আপনাদের সঙ্গে শেয়ার করেন। আপনারা শুক্রবারে খুদবার সময় যদি বিদ্যুৎ সাশ্রয় নিয়ে সামাজিক সচেতনতামূলক কথা বলেন তাহলে সেগুলো মানুষ আমলে নিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহিত এবং সচেতন হবেন।
আপনারা ইতোমধ্যে অনুভব করেছেন, পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং চলমান গ্রীষ্মকালে সরকারের আন্তরিকতা, ঐকান্তিক চেষ্টা, সত্যতা এবং জবাবদিহির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের যথেষ্ট উন্নয়ন সম্ভব হয়েছে। সরকার বিদ্যুৎ খাতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। অথচ প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল এমন অনেক জরুরি কাজে অর্থ প্রয়োজন। আমরা প্রয়োজনের বেশি বিদ্যুৎ অপচয় না করলে সরকারের খরচ কমবে, যা অন্যান্য জরুরি কাজে ব্যবহৃত হতে পারে।
মতবিনিময় সভায় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিরা তাদের বক্তব্য রাখেন।
বনানী সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মওলানা মো. আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের আয়োজন এই প্রথম। আমরা এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই।
অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এনডিসি, পিএসসির (অব.) সভাপতিত্বে ডেসকোর নির্বাহী পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









