বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আহ্বান করা অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ দরপত্র জমা দেওয়ার সময় চার মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলো দরপত্র জমা দিতে পারবে। আগে এ সময়সীমা ছিল ৩০ নভেম্বর। একইসঙ্গে বিডিং রাউন্ডের ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) সঙ্গে সাম্প্রতিক আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দরপত্র জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সীমা বৃদ্ধি ও ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে বিডিং রাউন্ডে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়।
এই দরপত্রের আওতায় বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ রয়েছে। এর মধ্যে অগভীর সমুদ্রের ১১টি এবং গভীর সমুদ্রের ১৫টি ব্লক। গত ২৪ মে এ বিডিং রাউন্ডের দরপত্র আহ্বান করা হয়।
নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আওতায় বিদেশি কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে এবার গ্যাসের দাম নির্ধারণ ও করছাড়সহ বিভিন্ন শর্তে পরিবর্তন আনা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১০ মার্চ অফশোর বিডিং রাউন্ডের দরপত্র আহ্বান করা হয়েছিল। ওই দফায় ২৪টি ব্লক রাখা হয়। সাতটি আন্তর্জাতিক কোম্পানি দরপত্রের কাগজ কিনলেও শেষ পর্যন্ত কোনও প্রস্তাব জমা দেয়নি। পরে আরও তিন মাস সময় বাড়ানো হলেও কোনও দরদাতা পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে, গ্যাসের দাম, পাইপলাইন ব্যবহারের মাশুল, শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে অর্থ দেওয়ার বাধ্যবাধকতা এবং পর্যাপ্ত ভূতাত্ত্বিক তথ্যের অভাব নিয়ে কোম্পানিগুলোর আপত্তি ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবার পিএসসি সংশোধন, আগ্রহী কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা এবং দরপত্র জমার সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।