সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার বাড়াতে আগামী ৩ ও ৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ এক্সপোর আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে নেওয়া হয়েছে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০’।
এ ছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বেসরকারি খাতকে উৎসাহিত করা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনের পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেল উৎসাহিত করা হচ্ছে।
দেশে সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ, প্রকল্প বাস্তবায়ন ব্যয় কমানো এবং বিনিয়োগ উৎসাহিত করতে সৌরবিদ্যুৎ ও ব্যাটারিসংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি মূল্য সংযোজন কর (মূসক) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর লক্ষ্য হলো, সরকার গৃহীত উদ্যোগসহ সৌর প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ দেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানো।
এক্সপোতে সৌরপ্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি ও উন্নত ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাসহ আধুনিক সৌর সরঞ্জাম প্রদর্শন করা হবে। পাশাপাশি প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দিতে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেবা তুলে ধরবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
দুই দিনের এ আয়োজনে প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি সৌর খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ‘পলিসি, পিপল অ্যান্ড ক্যাপিটাল ফর বাংলাদেশ’স সোলার রেভল্যুশন’ প্রতিপাদ্যে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারগুলোর বিষয় হলো, ‘পাওয়ারিং দ্য ফিউচার অব বাংলাদেশ: পাথওয়েজ টু আ ন্যাশনাল সোলার রেভল্যুশন’, ‘লিডিং বাই এক্সাম্পল: স্কেলিং রুফটপ সোলার ইন পাবলিক সেক্টর’, ‘ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রুফটপ সোলার: এনশিওরিং এনার্জি সিকিউরিটি অ্যান্ড ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট’ এবং ‘ফাইন্যান্সিং দ্য সোলার রেভল্যুশন: আনলকিং প্রাইভেট ক্যাপিটাল অ্যান্ড কার্বন রেভিনিউ’।