প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ বা বিঘ্নিত হতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই (ডেসকো)।
বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলবে। এ সময় রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে।
ডেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সমস্যার আশঙ্কা রয়েছে শুধু যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, তাদের ক্ষেত্রে। অন্য গ্রাহকদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য নয়।
রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো। প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।