প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করা মোহাম্মদ মসিউর রহমানকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের (সচিব) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তবে প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কোনও কারণ উল্লেখ করা হয়নি।
অপরদিকে ডিটিসিএ’র নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করেন এ কর্মকর্তা।