বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে মৎস্য চাষের পাশাপাশি কাঁকড়া ও কুচিয়া চাষও লাভজনক করা সম্ভব বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আর তাই সরকার কাঁকড়া ও কুচিয়া চাষ বাড়াতে প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।
রবিবার সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে ‘খুলনা বিভাগে কাঁকড়া ও কুচিয়া চাষের লাগসই প্রযুক্তি সম্প্রসারণ ও করণীয়’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের নির্বাচিত এলাকায় কাঁকড়া ও কুচিয়া চাষ এবং গবেষণা প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে খুলনা বিভাগীয় মৎস্য অফিস। কর্মশালায় খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, কাঁকড়া ও কুচিয়া চাষী, খামারী এবং স্টেকহোল্ডারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বাংলাদেশর মৎস্য সম্পদ দেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে অবদান রাখছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তর খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলছে এ মৎস্য খাত।
তিনি আরও বলেন, মাছ চাষের পাশাপাশি কাঁকড়া ও কুচিয়া চাষের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ অঞ্চলে কাঁকড়া চাষের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও কুচিয়া চাষ তেমন বিস্তৃত নয়। তাই পর্যায়ক্রমে এ অঞ্চলে কুচিয়া চাষ জোরদার করা হবে বলেও জানান তিনি।
মৎস্য অধিদফতর ঢাকার পরিচালক (রিজার্ভ) এম আই গোলদারের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- খুলনা মৎস্য অধিদফতরের বিভাগীয় উপপরিচালক রণজিত কুমার পাল, উপ পরিচালক প্রফুল্ল কুমার সরকার, প্রকল্প পরিচালক ড. বিনয় কুমার চক্রবর্তী প্রমুখ।
/এসএনএইচ/








