খুলনার প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মো. আশরাফ উদ্দিন মকবুল (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার সকালে নগরীর গাজী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। খুলনা মহানগরীর নিরালা বড় মসজিদে জানাজা শেষে নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক আশরাফ উদ্দিন মকবুলের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাটাখালী গ্রামে। তার পিতা মৃত আলহাজ্ব সরোয়ার সানা। ১৯৫৪ সালে পাইকগাছার আরকেবিকে ইনস্টিটিশন থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৫৬ সালে খুলনার বিএল কলেজ থেকে আই কম, ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম এবং একাউন্টে মাস্টার্স শেষ করেন তিনি। এর আগে ১৯৫৭-৫৮ সালে তিনি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন করে জিএস নির্বাচিত হন। এরপর আর তিনি কোনও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে অ্যাসোসিয়েট ফরেন্ট প্রেসে (এএফপি) কর্মজীবন শুরু করেন। এরপর পর্যায়ক্রমে তিনি অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান (এপিপি), সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য হন। তিনি খুলনা প্রেসক্লাব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে তিনি খুলনা থেকে দৈনিক বঙ্গবানী ও ডেইলি মেইল প্রকাশ করেন।
১৯৬০ দশকে আশরাফ উদ্দিন মকবুল খুলনার মহাকুমা ম্যাজিষ্ট্রেট আবুল কাশেমের মেয়ে লুৎফুন নাহারকে বিয়ে করেন। তার বড় ছেলে মেজর (অব.) আবু মোহাম্মদ সরোয়ার ফিরোজ, বড় মেয়ে আমেরিকা ইউনিভার্সিটির লেকচারার আশফিয়া ইয়াসমিন, ছোট ছেলে কর্নেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ ও ছোট মেয়ে ডা. আফসানা রহিমা ঢাকার একটি সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন।
সাংবাদিক আশরাফ উদ্দিন মকবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি এম নূরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপি’র সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগর মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, খেলাফত মজলিশের মহানগর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, বিজেপি’র সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু ও সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, লেবার পার্টির সভাপতি লোকমান হাকিম, পিপলস লীগের সভাপতি ডা. সৈয়দ আফতাব হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।
/এসএনএইচ/








