পদমর্যাদা ও বেতন স্কেল পরিবর্তনসহ পাঁচ দফা দাবি পূরণ না হলে আগামী ১ জুলাই থেকে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার স্বাস্থ্য কর্মীরা।
শুক্রবার কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের কিশোরগঞ্জ শাখার সভাপতি মো. এনায়েত রাব্বী লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি ডা. মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল ওয়ারেশ পাশা পলাশ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান কাবুল, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান প্রমুখ।
সমাবেশে সংগঠনের নেতারা তাঁদের বক্তব্যে মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান, বেতন স্কেল ১৬তম থেকে ১৪তম গ্রেডে উন্নীতকরণ ও উপযুক্ত ভ্রমণ ভাতা প্রদানসহ সকল দাবি পূরণের আহ্বান জানান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দাবি পূরণের বিষয়টি সংসদে উপস্থাপন করে সহায়তার আশ্বাস দেন।
/এসএনএইচ/








