রাজশাহীর তানোর উপজেলার জুমারপাড়ায় গলা কেটে হত্যা করা ব্যক্তির নাম শহিদুল্লাহ (৫৫)। তিনি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকার মহানন্দখালী মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে। এছাড়া তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পীর ইমাম মেহেদীর মুরিদ। শনিবার দুপুরে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শহিদুল্লাহকে গলা কেটে হত্যার ঘটনায় তার ছেলে রাসেল আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে তানোর থানায় শনিবার দুপুরে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের মাধ্যমে দাফন করা হয়েছে। তবে তাকে হত্যার কারণ ও হত্যাকারীদের বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি পুলিশ।
নিহতের ছেলে রাসেল আহম্মেদ জানান, তার পিতা শহিদুল্লাহ (৫৫) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পীর ইমাম মেহেদীর মুরিদ ছিলেন। তবে এলাকায় তারও বেশ কিছু ভক্ত ছিল। গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার গোলাবাড়ি গ্রামে ভক্তদের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন।
রাসেল আহম্মেদ আরও জানান, প্রায় সময় তাদের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে শহিদুল্লাহর ভক্তরা আসতেন। এছাড়া তিনিও ভক্তদের বাড়িতে যেতেন।
আরও পড়ুন: আঙুলের ছাপ জালিয়াতি করে সিম পুনঃনিবন্ধন
এছাড়া মামলার বিবরণে বলা হয়েছে, পবা উপজেলার নওহাটা এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র শাজাহান ও পিয়ার আলীর সঙ্গে গত ১০বছর ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো নিহত শহিদুল্লাহর।
প্রসঙ্গত গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জুমারপাড়া আমবাগানে এলাকাবাসী শহিদুল্লাহর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে তানোর থানা নিয়ে আসে। লাশের পাশে পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ এবং ব্যাগের মধ্যে লুঙ্গি ও পাঞ্জাবি, একটি চিঠি, সাদা কাগজে মোড়ানো দুটি পান ও নোট বুক উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
তিনি আরও জানান, শহিদুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে হত্যার ঘটনায় জঙ্গিদের সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: শাহজালালে টয়লেট থেকে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ
/টিএন/ আপ-এমও







