
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম জামাল হোসেন (২৮)। নিহত জামাল শাহরাস্তি পৌর ছাত্রলীগের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মবিনের কর্মী-সমর্থকরা। এসময় বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু হানিফের কর্মী-সমর্থকরা বাধা দিলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি-পুলিশ সদস্যরা লাঠিচার্জ করেন। এতে মাথায় আঘাত পায় জামালসহ ৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত জামালের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে শনিবার রাত ১টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় নিহতের ঘটনায় মামলা
শাহরাস্তি থানার এসআই আব্দুল মান্নান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, চতুর্থ ধাপের নির্বাচনে চাঁদপুরের দুই উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন হয়। এর মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, দুটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়। আর গোলযোগের কারণে দু’টি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
/এসটি/








