জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে দুই পরাজিত মেম্বার প্রার্থী ও তার সমর্থকরা। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা ৩টি বাড়ি ও একটি দোকান ভাঙচুর করে।
রবিবার দুপুরে নীলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- মিস্টার মিয়া, হুমায়ুন, হাসিনা বেগম, রশিদা বেগম, ফকির আলী, সাদা মিয়া, নাসিমা বেগম, জুলহাস মিয়া, জিয়া, নাজির উদ্দিন, শাহজাহান মিয়া, মাদু মিয়া, শুক্কুর আলী, মুক্তার হোসেন ও ফারুক মিয়া। এদের মধ্যে ৫ জনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, নীলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নব-নির্বাচিত ইউপি সদস্য সাত্তার মোল্লার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় পরাজিত ইউপি সদস্য প্রার্থী হামিদুর রহমান ফর্সা ও মোশারফ হোসেনের সমর্থকরা। এ সময় হামলাকারীরা ভাঙচুরও করে। পরে বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থকরা এগিয়ে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষর ১৫ জন আহত হন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে নব-নির্বাচিত মেম্বার সাত্তার মোল্লা বলেন, প্রতিপক্ষের সমর্থকরা তার বিজয় মেনে নিতে না পেরে এ হামলা চালিয়েছে।
আর পরাজিত প্রার্থী হামিদুর রহমান ফর্সা বলেন, সাত্তার মোল্লার সমর্থকরা উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বকশীগঞ্জ থানার ওসি মো.আসলাম হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
/এসএনএইচ/ এএইচ/








