ঝড় ও শিলা বৃষ্টিতে পঞ্চগড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। ঝড়ে জেলার বিভিন্ন এলাকার গাছপালা ভেঙে রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ লাইনের মারাত্মক ক্ষতি হয়েছে। এদিকে ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধান, পাট, ভুট্টা, মরিচ, আম, লিচু, কাঁঠাল, তিল ও টমেটোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ঝাকুয়াখালী এলাকার আব্দুস সামাদ বলেন, তার এক একর জমির পাট নষ্ট হয়ে গেছে। এছাড়া জেলা শহরের উত্তর জালাসীপাড়া এলাকার খতিবর রহমনের প্রায় দুই একর জমির পাকা ধান ঝড়ে গেছে। শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে। সকালে ধান ক্ষেতের এ অবস্থা দেখে তিনি জ্ঞান হারান বলে জানা যায়।
একই এলাকার সুজন আলীর দেড় একর ক্ষেতের তিল, পঞ্চগড় ইউনিয়নের মোলানীপাড়া এলাকার জুলহাসের এক একর ভুট্টাক্ষেত নষ্ট হয়ে গেছে। পঞ্চগড় ইউনিয়নের ডুডুমারী এলাকার মফিজুল ইসলামের এক একর টমেটো ক্ষেতের টমেটো ঝড়ে গেছে। গাছগুলো নুইয়ে পড়েছে মাটিতে। এছাড়াও পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ, চাকলাহাট ও পঞ্চগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ভোর থেকে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। অসংখ্যা পিলারের তার ছিড়ে যাওয়ায় তাদের হিমশিম খেতে হচ্ছে। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেননি পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আহসানুল কবির।
এদিকে বিদ্যুৎ না থাকায় মোবাইল অপারেটরদেরও নেটওয়ার্ক নেই। ফলে দুর্ভোগে পড়েছেন মোবাইল ব্যবহারকারীরা। চার্জ দিতে না পারায় অনেকের মোবাইল বন্ধ হয়ে গেছে।
/জেবি/এসএনএইচ/








