পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা চলাকালে নাটোরে বিএনপি মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর ও অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে জেলার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় শাঐল বাজারে এ হামলার ঘটনা ঘটে। এছাড়া নির্বাচন থেকে সরে না দাঁড়ালে অপহরণ করে নিয়ে যাওয়া হবে বলে বাড়িতে গিয়ে প্রার্থীর স্ত্রীকে হুমকি দিয়েছেন সন্ত্রাসীরা।
হাতিয়ান্দহ ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল মুনছুর অভিযোগ করেন, দুপুরে ৩০-৩৫টি মোটরসাইকেলে করে ৬০/৭০ জন সন্ত্রাসী তার নির্বাচনি প্রচারণার অফিসে হামলা করে চেয়ার-টেবিলসহ সব আসবাব ভাঙচুর করে। এ সময় অফিসে থাকা তার পোস্টারগুলোও প্রকাশ্যে ছিঁড়ে ফেলে সন্ত্রাসীরা। পরে বিএনপি প্রার্থীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকেও হুমকি দেয়।
তিনি আরও দাবি করেন, ঘটনার পর বিষয়টি তিনি জেলা প্রশাসককে ফোনে জানিয়েছেন। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তিনি সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি তার নিরাপত্তা জোরদারেরও দাবি জানান।
এ বিষয়ে জেলা প্রশাসক খলিলুর রহমান জানান, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাটি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। তদন্তের পর সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়তে পারেন:
জলবাযু পরিবর্তন: দুর্যোগ ঝুঁকিতে খুলনার উপকূলবর্তী ৩ লাখ মানুষ
ধর্ষণ মামলা করায় কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
/এসএনএইচ/টিএন/







