নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা গ্রুপের ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সিট ক্রাস্ট’ মিলে অগ্নিকাণ্ডে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের বিষয়ে তারা কিছুই জানে না। দুর্ঘটনার পর সংবাদকর্মীদের ভেতরে প্রবেশ করতেও দেওয়া হয়নি।
কারখানার অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সিট ক্রাস্ট মিলে কাজ করার সময় একটি মেশিন মেরামত করতে গিয়ে আগুনের ফুলকিতে শ্রমিকরা দগ্ধ হয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো শ্রমিকরা হলেন- মাসুদুর রহমান (৩০), হারুনুর রশীদ ওরফে হুমায়ূন কবির (৪০), মাহবুব (৩০), আবদুল হাই (২৬), আবদুল মোতালেব (২২), ফয়সাল (২২) ও মো. রানা (১৮)।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধের খবর পেয়েছেন তারা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিন মনি সরমা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি আমাদের জানানো হয়নি। মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন-
মডেল সাবিরার আত্মহত্যা: রওনক ও প্রত্যয় জেলহাজতে
/এফএস/








