ঢাকা-বরিশাল মহাসড়কে শনিবার সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত ও চালকসহ এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম ও গৌরনদী ফায়ার স্টেশনের ইনচার্জ অধির চন্দ্র হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার মাহিলাড়া গ্রামের আ. খালেক মোল্লার ছেলে মো. কালাম মোল্লা (৩৫), মঙ্গল বেপারীর ছেলে মো. সালাউদ্দিন (৫০)। গুরুতর আহত অপর পথচারী মাসুদ সরদার (৩০) ও ট্রাক চালক লতিফ দেওয়ানকে (৫০) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
গৌরনদী হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বরিশাল থেকে মাদারীপুরগামী একটি খালি ট্রাক (চট্রগ্রাম মেট্রো ট-১১-৩৫১১) শনিবার সকাল ৭ টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেন। পরে ট্রাকটি রাস্তার পাশের বড় একটি কড়ই গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ট্রাকটি জব্দ করা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাজেট বাস্তবায়নটা বড় চ্যালেঞ্জ, দরকার সুশাসন
/জেবি/আপ-এমও








