সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফয়সাল সরদার (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। নিহত ফয়সাল সরদার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের শাহাজান সরদারের ছেলে ও পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমী মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সাল সাইকেলে করে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিল। পথিমথ্যে পাটকেলঘাটা থানার সামনে পৌঁছুলে একটি ইঞ্জিনভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে পাশ থেকে আসা ট্রাকের তলায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
/এমও/








