জেলার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নবাসী।
শুক্রবার ইউনিয়নের কামালকাটি গ্রামে ভাঙন কবলিত বেড়িবাঁধের ওপর স্থানীয় একতা যুব সংঘ ও ইউনিয়ন পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
অারও পড়তে পারেন: শারীরিক প্রতিবন্ধী হয়েও স্বাবলম্বী গাইবান্ধার লেলিন
একতা যুব সংঘের সভাপতি উত্তর কুমার মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুর গফুর, আজিজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, প্রধান শিক্ষক পুলিন চন্দ্র মণ্ডল, শিক্ষক অসীম কুমার মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল, জাকির হোসেন, কাজী মিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, আইলার পর সাত বছর অতিবাহিত হয়েছে। কিন্তু উপকূলবাসীকে রক্ষায় আজও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে কোনও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এতে উপকূলবাসী প্রতিনিয়ত হুমকির মুখে জীবনযাপন করছে। আইলা দুর্গত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের কামালকাটি, ঝাপা, পাতাখালী, বন্যতলা গ্রামের কয়েক কিলোমিটার এলাকার বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হলে পদ্মপুকুর ইউনিয়নের ৭ হাজার পরিবার ভেসে যাবে। এতে অকেজো হয়ে পড়বে হাজার হাজার কোটি টাকার সরকারি অবকাঠামো।
আরও পড়তে পারেন: বিবিসি বাংলা’র দুঃখ প্রকাশ ও সংবাদের বস্তুনিষ্ঠতা
বক্তারা বলেন, এখন জিআই বালু ভর্তি বস্তা ফেলে ডামপিং করে বেড়িবাঁধ সংস্কার করা হলে ২০/৩০ লাখ টাকা খরচ হবে। কিন্তু ভেঙে প্লাবিত হলে বাঁধ সংস্কার করতে সরকারের কোটি কোটি টাকা খরচ হবে। বক্তারা এ ব্যাপারে অবিলম্বে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
/এমএসএম /








