সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগ নেতার বাড়িতে সালিশি বৈঠকের সময় আক্কাস আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বারহাঁস ইউনিয়নের পঁওতা গ্রামে এ ঘটনা ঘটে।
সালিশি সূত্রে জানা গেছে, পঁওতা গ্রামের হারেজ আলীর সঙ্গে পাশ্ববর্তী লাঙ্গলমুড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আক্কাস আলী পঁওতা বাজারের বিবাদমান একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ড ও হাতাহাতি হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ময়নুল ইসলামের বাড়িতে দুপুরে সালিশি বৈঠক বসে। সেখানে দুই গ্রামের উপস্থিত লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আওয়ামী লীগ নেতা ময়নুলের চাচাত ভাই পঁওতা গ্রামের আফজাল হোসেনের ছেলে হারেজ আলীর নেতৃত্বে কয়েকজন লাঠিসোটা নিয়ে লাঙ্গলমুড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আক্কাস আলীকে বেদম পেটাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করে, পরে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় লাঙ্গলমুড়া গ্রামের মামুন (২৫), শাকিল (১৫), সায়েম (৩৫), সেন্টু (২০), আমজাদ (৫০), আব্বাস (৩৫), শিপন (৩২) গুরুতর আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যা মামলার প্রস্তুতি এবং হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
/এসএনএইচ/এএইচ/








