যশোর শহরের আর এন রোডে কৃষিযন্ত্রের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসেরা কর্মীরা। এতে প্রায় ৫ লাখ টাকারও বেশি যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ধোঁয়া দেখে বোঝা যায় মার্কেটের নিচতলার একটি গোডাউনে আগুন লেগেছে। পরে গোডাউনের মালিক সেলিম রেজাসহ অন্যরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং দুটি অগ্নিনির্বাপক মোটরসাইকেল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল সোয়া তিনটা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গুদাম মালিকের ভাই টগর জানান, গোডাউনটিতে কৃষি যন্ত্রাংশ, লুব্রিকেন্টসহ আনুষঙ্গিক মালামাল ছিল। সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে গোডাউনে রাখা পাঁচ লাখ টাকার যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা লুৎফর রহমান জানান, ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
/এমও/আপ-এসএনএইচ/








