চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র এবং ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেল হত্যা মামলায় আসিফ নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ তাকে আটক করে। গত ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাত করে নাসিমকে হত্যা করে প্রতিপক্ষরা।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, সিসি টিভির ফুটেজে দেখা যায় ঘটনার দিন আসিফ ব্যাগ থেকে ছুরি বের করছে। পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল বিকেল ৩টার দিকে ষোলশহরের ২ নম্বর গেট এলাকার আলফালাহ লেন থেকে তাকে আটক করে।
তিনি আরও বলেন, আসিফ নোয়াখালী জেলার রমজান আলীর ছেলে। যদিও প্রথমে মামলায় তার নাম উল্লেখ ছিল না। পরে পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করে এবং তাকে আটক করে।
গত ২৯ মার্চ নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদ সোহেল খুন হন।
পরদিন সোহেলের বাবা আবু তাহের তার ছেলেরই এক সময়ের বন্ধু ইব্রাহীম সোহানসহ ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা করেন।
/এসএনএইচ/ এমএসএম/








