কুমিল্লার দাউদকান্দিতে ঈদের বকশিস নামে দাবিকৃত চাদাঁ না দেওয়ায় স্থানীয় বখাটেদের বিরুদ্ধে দোকান-পাট বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে ঢাকা-পেন্নাই-মতলব সড়কের দাউদকান্দি উপজেলার মারুকা মোড় বাজারে এ ঘটনা ঘটে। আর এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে মানববন্ধন করেছেন দোকানদার ও এলাকাবাসীরা।
এলাকাবাসী ও দোকানদাররা জানান, পার্শ্ববর্তী দৌলতপুর ইউনিয়নের শুভ (১৯), রবিন (২০), রুবেল (২৭), সাদ্দাম (২৪) ও টিপুর (১৯) নেতৃত্বে ১০/১২ জনের একদল বখাটে গত রবিবার রাতে মারুকা মোড় বাজারের দোকানদারদের কাছে ঈদ বকশিসের নামে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় মুদি, কনফেকশনারি, কাপড়ের, মিষ্টি ও সেলুনসহ ১৩টি দোকান বন্ধ করে দেয় বখাটেরা। এ সময় তারা বকশিস না দেওয়া পর্যন্ত দোকান-পাট বন্ধ রাখার হুমকি দেয়।
দোকানদার নুরুল ইসলাম বলেন, ১০/১২ জনের বখাটে প্রতি দোকান থেকে ৫ হাজার টাকা করে দাবি করে। আমরা ছোট দোকানদার এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা জোরপূর্বক আমাদের দোকানের সার্টার বন্ধ করে দেয় এবং চাঁদা না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার হুমকি দেয়।
মারুকা ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান তালুকদার বলেন, দোকানদাররা বিষয়টি তাকে জানিয়েছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে জানানো হবে। প্রশাসন ব্যবস্থা না নিলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহ মিয়া বলেন, এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
/এসএনএইচ/








