বরিশালের কীর্তনখোলা নদীতে স্টিমার পিএস মাহসুদ ও সুরভী-৭ লঞ্চের মধ্যে সংঘর্ষে নিহত ও আহতদের দেখতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক সোমবার দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
এসময় তিনি দুর্ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সুরভী-৭ লঞ্চের রুট পারমিট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন।
তিনি বলেন দুর্ঘটনায় আহত নিহতদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
এসময় তালুকদার মো. ইউনুস এমপি, জেবুন্নেসা আফরোজ ও টিপু সুলতান এমপি বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ছিলেন ।
তিনি জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা দেওয়া হয়েছে। এব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে জানান।
এদিকে, দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে আরও একজনের পরিচয় পাওয়া গেছে। এ নিয়ে এ পর্যন্ত ৩ জনের পরিচয় পাওয়া গেলেও বাকি ২ জনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ঝালকাঠীর মুক্তা (১৮), মোড়েলগঞ্জের সীমা বেগম (১৩) ও বরিশালের নগরীর কাউনিয়া এলাকার তামান্না বেগম (১৩)। নিহত অপর ২ জনের পরিচয় পাওয়া যায়নি।
গুরুতর আহত ৫ জন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
এরা হলেন, বরিশাল নগরের কাশিপুর এলাকার কালু (৩০), মোড়লগঞ্জের ফারজানা (১৯), বাগেরহাটের শাকিল সর্দার (২১), রুবেল (২২) ও চাঁদপুরের নুরুল ইসলাম (৫০) কে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজন আহত বাড়িতে চলে গেছেন।
আহত রুবেল জানান, ভোর ৪টার দিকে ফজরের নামাজের হঠাৎ করে প্রচণ্ড আওযাজ করে কেবিন বিধ্বস্ত হয়ে তিনি আহত হন।
বরিশাল লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিনটু জানান, নিহতদের পরিবার কে জনপ্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে সমিতি হতে। এ ছাড়া জেলা প্রশাসন হতে নিহতদের পরিবারকে জনপ্রতি ২০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে জনপ্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে।
স্টিমার পিএস মাহসুদ-এর ক্যাপটেন ইদ্রিস হোসেন গতকাল বিকেলে বরিশাল কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি লিপিবদ্ধ করে সুরভী-৭ লঞ্চটিকে দুর্ঘটনার জন্যে দায়ী করেছেন। এতে পিএস মাহসুদ-এর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
অন্যদিকে, সুরভী-৭ লঞ্চের সুপারভাইজার সোহেল পারভেজ দুঃখ প্রকাশ করে বলেছেন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে নদীর একটি সংকীর্ণ বাঁক অতিক্রমকালে অনিচ্ছাকৃতভাবে এ দুর্ঘটনাটি ঘটেছে।
/টিএন/
আরও পড়ুন: ঈদে দর্শনার্থী বরণের অপেক্ষায় ময়নামতি জাদুঘর ও শালবন বিহার








