খুলনায় ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। দু’দিনের অব্যাহত বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় খুলনা জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
আবহাওয়াজনিত কারণে খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত এবং ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় আরও একটি জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী খান বলেন, আষাঢ়ের অব্যাহত বৃষ্টিপাতে সার্কিট হাউজ ময়দানে পানি জমেছে। পুরো মাঠ কর্দমাক্ত হয়ে পড়েছে। এ কারণে এবার এখানে ঈদ জামাত আয়োজন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান ও নিউমার্কেটের বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মহানগরীর ময়লাপোতা মোড়ের বায়তুল আমান জামে মসজিদে সকাল ৭টা ও ৮টায় দুটি জামাত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের সহায়তার ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা আলীয়া মাদ্রাসা জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ ময়দান, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহসহ অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময় নির্ধারণ সাপেক্ষে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
/বিটি/টিএন/







